ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশরসহ ২১টি মুসলিম দেশ। মঙ্গলবার (১৭ জুন ২০২৫) মিশরের সরকারি বার্তা সংস্থা (মেনা) এর বরাতে আল জাজিরা ও সিএনএন এই তথ্য প্রকাশ করেছে। দেশগুলো উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধের আহ্বানও জানিয়েছে।
বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো: মিশর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাদ, কমোরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।
দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এজন্য জরুরিভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন।
বিবৃতিতে মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। দেশগুলো সব রাষ্ট্রকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি (নন-প্রোলিফারেশন অব নিউক্লিয়ার উইপন, এনপিটি) স্বাক্ষর করার আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, ইসরায়েল এখনও এনপিটি চুক্তির সদস্য নয়।
বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং সদ্ভাবপূর্ণ প্রতিবেশী সম্পর্কের নীতিমালা সম্মান করা জরুরি। পররাষ্ট্রমন্ত্রীরা সব পক্ষকে শান্তিপূর্ণ ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন। তারা জোর দিয়ে বলেছেন, “এই সংঘাতের সমাধান কেবল কূটনৈতিক পথেই সম্ভব- সামরিক উপায়ে নয়।”

