ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলপ্রয়োগের মাধ্যমে তেহরানে সরকার পরিবর্তনের চেষ্টাকে একটি ‘কৌশলগত ভুল’ হিসেবে আখ্যায়িত করে সতর্ক করেছেন। সোমবার (১৬ জুন) কানাডায় জি-৭ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মাখোঁ বলেন, যাঁরা মনে করেন বাইরে থেকে বোমা ফেলে কোনো দেশকে জোর করে ‘উদ্ধার’ করা যায়, তাঁরা ইতিহাসে বরাবর ভুল করেছেন। তিনি ইরান ও ইসরায়েল উভয়কেই বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধের আহ্বান জানান।
মাখোঁর বক্তব্যের সময় খবর আসে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের চলমান সংকট মোকাবিলায় জি-৭ সম্মেলন ত্যাগ করে আগেভাগে ওয়াশিংটনে ফিরছেন। ট্রাম্পের এই পদক্ষেপ প্রসঙ্গে মাখোঁ বলেন, ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র এমন একটি পর্যায়ে রয়েছে, যেখান থেকে আরও বিস্তৃত আলোচনা শুরু হতে পারে। তিনি এটিকে ইতিবাচক দিক হিসেবে দেখেন।
মাখোঁ আরো বলেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি সফলভাবে বাস্তবায়ন করতে পারে, তবে তা অত্যন্ত ইতিবাচক হবে এবং ফ্রান্স এটি সমর্থন করবে।
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান নজিরবিহীন সংঘাত পঞ্চম দিনে পৌঁছেছে। উভয় পক্ষ আকাশপথে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে ২৪ জনের মৃত্যু হয়েছে।

