ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর ‘আমান’-এর লজিস্টিক কেন্দ্র এবং হার্জলিয়ায় অবস্থিত মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানায়, মঙ্গলবার (১৭ জুন) ভোরে এই হামলা চালানো হয়।
আইআরজিসির অ্যারোস্পেস ইউনিট এই হামলা পরিচালনা করে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সত্ত্বেও তেল আবিবের গ্লিলট এলাকায় আমানের লজিস্টিক কেন্দ্র এবং হার্জলিয়ার মোসাদ সদরদপ্তরে সরাসরি আঘাত হানা সম্ভব হয়েছে। হামলার পর মোসাদ কার্যালয়ে ব্যাপক আগুন ধরে যায় বলেও দাবি করা হয়।
ইরানের দাবি অনুযায়ী, ১৩ জুন ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে এই পাল্টা হামলা চালানো হয়। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় আক্রমণ চালিয়ে শীর্ষ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং নারী-শিশুসহ সাধারণ নাগরিকদের হত্যা করেছে। এর জবাবে আইআরজিসি ইসরায়েলের কৌশলগত স্থাপনাগুলোতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এর আগে ইসরায়েলি গণমাধ্যমে হার্জলিয়ায় একটি ‘স্পর্শকাতর’ স্থানে ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশিত হয়, যা সাধারণত সামরিক বা গোয়েন্দা স্থাপনাকে ইঙ্গিত করে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এই হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, তারা ইরানের হামলার জবাবে আরো জটিল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনা ইরান-ইসরায়েল সংঘাতকে আরও তীব্র করেছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।

