ইরান-ইসরায়েলের সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে কোনো আপস না করার ঘোষণা দিয়েছেন। তিনি ইসরায়েলের জায়নবাদী শাসকগোষ্ঠীর প্রতি কোনো দয়া না দেখানোর কথাও বলেছেন।
মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় খামেনি বলেন, “আমরা অবশ্যই সন্ত্রাসী জায়নবাদীদের শক্ত জবাব দেবো। ইরান কখনোই আপস করবে না। জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখানো হবে না।” সূত্র: বিবিসি বাংলা
এই বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বানের প্রতিক্রিয়া হিসেবে এসেছে। তবে খামেনির এই হুঁশিয়ারির মধ্যেই ইসরায়েল ইরানে নতুন হামলা চালিয়েছে।
ইরানি গণমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, ইসরায়েল তেহরানের কাছে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে। এছাড়া ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ও লক্ষ্যবস্তু হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।
মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালায়। হামলার আগে ইরানি কর্মকর্তারা তেল আবিবের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেন।

