ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় তাদের বিমান বাহিনীর ৫০টিরও বেশি যুদ্ধবিমান ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই হামলার প্রধান লক্ষ্য ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান- ‘সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র’ এবং দেশটির একাধিক ‘অস্ত্র উৎপাদন কেন্দ্র’।
টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ‘ইরানের পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি ধ্বংস করার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে।’
তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক প্রতিবেদনেও বলা হয়েছে যে, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
ইসরায়েলি বিবৃতিতে আরও বলা হয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো ইরানের ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ব্যবহৃত ‘কাঁচামাল ও উপাদান’ উৎপাদনকারী কারখানাগুলোতেও হামলা করেছে। এই হামলাগুলো ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার কৌশলগত অংশ হিসেবে পরিচালিত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক ক্রিটিকাল থ্রেটস প্রজেক্ট (সিটিপি) এবং ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ) রিপোর্ট করেছে যে, ১৩ জুন থেকে ইরানের উপর ইসরায়েলের বিমান হামলার সংখ্যা ইসরায়েলে ইরানের হামলার তুলনায় পাঁচগুণ বেশি। সিটিপি-আইএসডব্লিউ-এর তথ্য অনুযায়ী, ইসরায়েল ইরানে ১৯৭টি বিমান হামলা চালিয়েছে, যেখানে ইরান ইসরায়েলে মাত্র ৩৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বা ইন্টারসেপ্টর আঘাতের রেকর্ড পাওয়া গেছে।
থিঙ্ক ট্যাঙ্কগুলো আরো জানিয়েছে, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার আকার ক্রমশ সীমিত হয়ে আসছে। এর জন্য তারা ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং সংরক্ষণাগার ধ্বংসকে দায়ী করেছে। এই হামলাগুলো ইরানের পাল্টা আক্রমণের সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের হামলার জবাবে তারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসি দাবি করেছে, তাদের মঙ্গলবার (১৭ জুন) তেল আবিবে মোসাদের একটি প্রধান কেন্দ্রে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের হামলাকে ‘বর্বর’ আখ্যায়িত করে বলেছেন, ‘ইসরায়েল এই হামলার মাধ্যমে নিজের জন্য করুণ পরিণতির পথ তৈরি করেছে।’ তিনি আরো হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরান কোনো আপস করবে না এবং ইসরায়েলকে এর জন্য ‘কঠোর মূল্য’ দিতে হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলের হামলার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে। তারা দাবি করেছে, এই হামলা ‘বিশ্ব নিরাপত্তার জন্য অভূতপূর্ব হুমকি’ সৃষ্টি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য জানিয়েছে, তারা এই হামলায় জড়িত নয় এবং ইসরায়েল একতরফাভাবে এই পদক্ষেপ নিয়েছে।

