মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার (১৮ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল বর্তমানে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ‘অ্যারো ইন্টারসেপ্টর’-এর সংকটে রয়েছে, যা ইরান থেকে নিক্ষিপ্ত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতাকে হুমকির মুখে ফেলতে পারে।
প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, ওয়াশিংটন কয়েক মাস ধরে ইসরায়েলের এই সংকট সম্পর্কে অবগত। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র স্থল, সমুদ্র এবং আকাশপথে অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী গোলাবারুদ সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, মঙ্গলবার রাতে ইসরায়েলের দিকে ‘ফাত্তাহ-১’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ঢাল ভেদ করে আকাশে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। ইরানের আধা-সরকারি মেহের সংবাদ সংস্থাও এই দাবি সমর্থন করেছে, তবে এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র ২০২৩ সালে ইরান উন্মোচন করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এর নামকরণ করেন। আইআরজিসি এটিকে ‘ইসরায়েল বিধ্বংসী’ হিসেবে অভিহিত করেছে। উন্মোচনের সময় তেহরানে একটি ব্যানারে হিব্রু ভাষায় লেখা ছিল, ‘৪০০ সেকেন্ডে তেল আবিবে।’
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, গত কয়েক ঘণ্টায় তাদের বিমান বাহিনীর ৫০টিরও বেশি যুদ্ধবিমান ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে। এই হামলার লক্ষ্য ছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ‘সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র’ এবং বেশ কয়েকটি অস্ত্র উৎপাদন কেন্দ্র।
গত পাঁচ দিনে ইসরায়েলের বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র-ড্রোন আক্রমণে অন্তত ৫৮৫ জন নিহত এবং ১,৩২৬ জন আহত হয়েছেন। তবে ইরান নিয়মিত হতাহতের তথ্য প্রকাশ করছে না। সোমবারের সর্বশেষ হালনাগাদে ২২৪ জন নিহত এবং ১,২৭৭ জন আহতের তথ্য জানানো হয়।

