ইসরায়েল যখন তাদের সামরিক অভিযান ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করে, তখন রাশিয়ার কর্মকর্তারা এই উত্তেজনা বৃদ্ধিকে “উদ্বেগজনক” এবং “বিপজ্জনক” বলে আখ্যা দেন। তবে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো দ্রুতই এই সংঘাত থেকে মস্কোর জন্য সম্ভাব্য কিছু ‘ইতিবাচক দিক’ তুলে ধরতে শুরু করে।
তাদের মতে:
- তেলমূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা রাশিয়ার অর্থনীতির জন্য লাভজনক হতে পারে।
- ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরে গিয়ে এখন মধ্যপ্রাচ্যের দিকে ঝুঁকেছে। যেমন একটি শিরোনামেই লেখা হয়েছে: “কিয়েভকে ভুলে গেছে সবাই।”
- যদি রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিয়ে গ্রহণযোগ্যতা পায়, তাহলে তারা নিজেদেরকে এই অঞ্চলের ‘শান্তির দূত’ হিসেবে তুলে ধরতে পারবে—যদিও ইউক্রেনে তাদের ভূমিকা সম্পূর্ণ উল্টো।
তবে যত দিন গড়াচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে যে এই চলমান সংঘাত রাশিয়ার জন্য বড় ধরনের রাজনৈতিক এবং কৌশলগত ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।
রাশিয়ার বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক আন্দ্রেই কোরতুনোভ একটি জাতীয় পত্রিকায় লেখেন:
“এই উত্তেজনা রাশিয়ার জন্য বড় ঝুঁকি আর সম্ভাব্য ক্ষতির বার্তা বয়ে আনছে। ইসরায়েলের এই বিপুল হামলা থামাতে রাশিয়া ব্যর্থ হয়েছে, অথচ মাত্র পাঁচ মাস আগেই তারা ইরানের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছিল।”
তিনি আরও লেখেন, “রাশিয়া শুধু মুখে ইসরায়েলকে নিন্দা করছে, বাস্তবে ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা দেওয়ার অবস্থায় তারা নেই।”
উল্লেখ্য, ইরানের সঙ্গে রাশিয়ার করা অংশীদারিত্ব চুক্তিটি সামরিক জোট নয়। ফলে তেহরান আক্রান্ত হলেও রাশিয়ার পক্ষে সরাসরি সামরিক সহায়তা দেওয়া বাধ্যতামূলক নয়।
তবে যখন চুক্তিটি স্বাক্ষরিত হয়, তখন রাশিয়া বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই প্রচার করেছিল। সে সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, এই চুক্তিতে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে ‘বিশেষ গুরুত্ব’ দেওয়া হয়েছে।
গত ছয় মাসে রাশিয়া ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ মিত্রকে হারিয়েছে—সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
গত ডিসেম্বর তিনি ক্ষমতাচ্যুত হন এবং পরে তাকে রাশিয়া আশ্রয় দেয়।
এখন যদি ইরানেও ‘শাসন পরিবর্তন’ ঘটে, তাহলে এটি মস্কোর জন্য একটি বড় ধাক্কা হবে। ইরানকে হারালে রাশিয়ার মধ্যপ্রাচ্য-নীতি কার্যত ভেঙে পড়তে পারে।
মস্কোভস্কি কমসোমোলেটস পত্রিকা এক বিশ্লেষণে লিখেছে, “এ মুহূর্তে বৈশ্বিক রাজনীতিতে এমন কিছু পরিবর্তন ঘটছে, যা সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়ার ভবিষ্যৎকেও প্রভাবিত করবে।”
এদিকে, এই সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গে অবস্থান করছেন। সেখানে অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলন—যেটি এক সময় “রাশিয়ার দাভোস” নামে পরিচিত ছিল।
তবে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রিক আগ্রাসনের পর পশ্চিমা বড় বড় কোম্পানির নির্বাহীরা সেই সম্মেলনে আর অংশ নিচ্ছেন না।
তবুও আয়োজকরা দাবি করছেন, এবারের সম্মেলনে ১৪০টির বেশি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
এই সম্মেলন মূলত অর্থনৈতিক হলেও, এতে ভূরাজনীতি সবসময়ই বড় একটি বিষয় হয়ে থাকে।
সম্ভবত রাশিয়া এই মঞ্চকে কাজে লাগাতে চাইবে বিশ্ববাসীকে দেখানোর জন্য যে, ইউক্রেন যুদ্ধের কারণে তারা ‘একঘরে’ হয়ে পড়েনি।
এখন দেখার বিষয়, মধ্যপ্রাচ্য বা ইউক্রেন নিয়ে পুতিন কী বার্তা দেন—বিশ্ব নজর রাখছে তার দিকেই।

