মঙ্গলবার রাতে (১৭ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ৩৫ মিনিটের একটি টেলিফোন আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বুধবার (১৮ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। এই আলোচনা পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের হোয়াইট হাউসে নির্ধারিত বৈঠকের কয়েক ঘণ্টা আগে অনুষ্ঠিত হয়।
বিক্রম মিশ্রির মতে, দুই নেতা ইরান-ইসরায়েল সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। তবে আলোচনার মূল বিষয় ছিল গত ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের ‘অপারেশন সিঁদুর’। এই হামলায় ২৬ জন নিহত হন, যাকে ভারত পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত বলে মনে করে।
মোদি ট্রাম্পকে জানান, ৬-৭ মে ভারত পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মিরে জঙ্গি ঘাঁটি ও আস্তানা লক্ষ্য করে নির্ভুল ও পরিমিত হামলা চালিয়েছিল। ভারত পাকিস্তানের যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ৯-১০ মে পাকিস্তানের হামলার জবাবে ভারত পাকিস্তানের বিমানঘাঁটি ও সামরিক স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে, যার ফলে পাকিস্তান যুদ্ধবিরতির অনুরোধ করে।
মোদি স্পষ্ট করেন, অপারেশন সিঁদুরের সময় ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো বাণিজ্য চুক্তি বা মধ্যস্থতার আলোচনা হয়নি। যুদ্ধবিরতি ভারত ও পাকিস্তানের সামরিক চ্যানেলের মাধ্যমে সরাসরি আলোচনার মাধ্যমে হয়েছিল, যা পাকিস্তানের অনুরোধে সম্পন্ন হয়। ভারত অতীতে মধ্যস্থতা গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। ট্রাম্পের দাবি, তিনি বাণিজ্য হুমকির মাধ্যমে যুদ্ধবিরতি করিয়েছেন, তা ভারত খারিজ করে দিয়েছে।
ট্রাম্পের সঙ্গে আসিম মুনিরের বৈঠক মধ্যপ্রাচ্যের উত্তেজনা, বিশেষ করে ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ। পাকিস্তান ইরানের প্রতি সমর্থন জানালেও- মুনিরের এই সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন বিশ্লেষকরা মনে করেন, এই বৈঠকে ইরান-ইসরায়েল সংঘাত, কাশ্মির, ক্রিপ্টোকারেন্সি এবং সন্ত্রাসবিরোধী বিষয়ে আলোচনা হতে পারে।
মিশ্রি জানান, ট্রাম্প মোদির বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়েছেন। জি-৭ সম্মেলনে মোদি-ট্রাম্পের সাক্ষাতের পরিকল্পনা বাতিল হওয়ায় এই ফোনালাপ ট্রাম্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
মোদি জানান, পাকিস্তানের সঙ্গে কাশ্মির ইস্যুতে ভারত কখনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা গ্রহণ করবে না। অপারেশন সিঁদুর ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন। ভারতীয় বিরোধী দল কংগ্রেস এই বৈঠককে ভারতীয় কূটনীতির উপর “আঘাত” হিসেবে দেখছে, বিশেষ করে মুনিরের পেহেলগাম হামলার আগে উস্কানিমূলক বক্তব্যের কারণে।

