পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাকদাহ থানার এনায়েতপুর গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ৬০ বছর বয়সী নির্মল সরদার একটি পারিবারিক অনুষ্ঠানের সময় অসাবধানতাবশত মদ ভেবে জীবাণুনাশক তরল ডেটল পান করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা গেছে, নির্মল সরদার সকাল থেকে ওই অনুষ্ঠানে মদ্যপান করছিলেন। একপর্যায়ে তিনি ঘরে রাখা ডেটলের বোতলকে মদের বোতল ভেবে পান করেন। এরপর তিনি অসুস্থ বোধ করেন এবং বমি শুরু করেন। বমির গন্ধ থেকে পরিবারের লোকজন বুঝতে পারেন তিনি ডেটল খেয়ে ফেলেছেন। তাকে দ্রুত চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানান, নির্মলের অবস্থা বর্তমানে স্থিতিশীল, তবে সতর্কতার সঙ্গে তার চিকিৎসা চলছে। তিনি এখন কিছুটা সুস্থ। চিকিৎসকদের মতে, ডেটলে এমন কেমিক্যাল উপাদান রয়েছে যা হজমপ্রণালীর গুরুতর ক্ষতি করতে পারে।
নির্মল সরদার বলেন, “ভাত খাওয়ার পর জল খাচ্ছিলাম। তারপর বমি হয়ে যায়। তখনই অসুস্থ লাগছিল। বুঝলাম ডেটল খেয়ে নিয়েছি।”

