ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যে ইরানে সম্ভাব্য হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি সম্পর্কে জ্ঞাত ব্যক্তিদের বরাত দিয়ে বুধবার (১৮ জুন) এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি এখনো বিবর্তিত এবং পরিকল্পনা পরিবর্তন হতে পারে। কিছু কর্মকর্তার মতে, চলতি সপ্তাহান্তেই ইরানে সম্ভাব্য হামলা হতে পারে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেননি। মার্কিন গোয়েন্দা সংস্থার শীর্ষ সূত্র জানিয়েছে, ট্রাম্প মূলত ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা তা দেখার জন্য হামলা থেকে বিরত রয়েছেন।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন কিনা- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বুধবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের বলেছেন, “আমি করতেও পারি, নাও করতে পারি।”
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হস্তক্ষেপ তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। তিনি আরো বলেন, “ইরানি জাতি চাপিয়ে দেওয়া যুদ্ধ ও চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং চাপের মুখে কারও কাছে আত্মসমর্পণ করবে না।”

