ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, এই মতবিরোধের কারণে তুলসী ট্রাম্পের পছন্দের তালিকা থেকে সরে গেছেন বলে মনে হচ্ছে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্প ৪৩ বছর বয়সী তুলসী গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালক পদে মনোনীত করেন। মার্কিন সিনেটে বিতর্কিত এই মনোনয়ন অনুমোদনের পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তুলসী দায়িত্ব গ্রহণ করেন। গোয়েন্দা বিষয়ে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও তুলসীর দুই দশকের বেশি সময় মার্কিন সেনাবাহিনীতে সেনাসদস্য হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, তুলসী অতীতে যুক্তরাষ্ট্রের বিদেশে সামরিক হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।
২০২৫ সালের মার্চে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার সময় তুলসী বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো মনে করে না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এই বক্তব্য ট্রাম্পের দাবির সঙ্গে সাংঘর্ষিক। যিনি বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি রয়েছে। গত মঙ্গলবার (১৭ জুন, ২০২৫) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প তুলসীর বক্তব্য প্রকাশ্যে অস্বীকার করে বলেন, “সে কী বলেছে, তাতে আমার কিছু যায় আসে না। আমি মনে করি, তারা পারমাণবিক অস্ত্র বানানোর খুব কাছাকাছি রয়েছে।”
বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানিয়েছেন, মার্চে তুলসীর সাক্ষ্যের পর থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তবে ট্রাম্পের প্রকাশ্য সমালোচনা তুলসীর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছে।
ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা থেকে তুলসীকে কার্যত দূরে রাখা হয়েছে। ২০২৫ সালের ৮ জুন মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়, যেখানে তুলসী উপস্থিত ছিলেন না। হোয়াইট হাউসের এক কর্মকর্তা দাবি করেন, ন্যাশনাল গার্ডের প্রশিক্ষণের কারণে তিনি বৈঠকে যোগ দিতে পারেননি।
তুলসীর ঘনিষ্ঠরা বলছেন, হোয়াইট হাউসে ইরান ইস্যুতে কিছুটা টানাপোড়েন রয়েছে, তবে জনপরিসরে এর প্রতিক্রিয়া অতিরঞ্জিত। এনবিসি নিউজের সঙ্গে কথা বলা কেউ মনে করেন না যে তুলসী ট্রাম্পের ইরান নীতির কারণে প্রশাসন ত্যাগ করবেন, এমনকি যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়লেও।
এই বিরোধ ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মেগা) জোটের মধ্যে বিভাজন প্রকাশ করে। মেগার একাংশ ইসরায়েলের পক্ষে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ সমর্থন করে, অন্যরা ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আলোকে বিদেশি সংঘাতে জড়ানোর বিরোধিতা করে। তুলসীর অবস্থান পরবর্তী গোষ্ঠীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তুলসীকে একজন দেশপ্রেমিক এবং জাতীয় নিরাপত্তা দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে সমর্থন করেছেন। তবে লুইজিয়ানার রিপাবলিকান সিনেটর জন কেনেডি তাঁর ইরান-সংক্রান্ত মন্তব্যের সমালোচনা করেছেন।
প্রশাসনের দুই কর্মকর্তা জানিয়েছেন, তুলসী দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করে আসছেন এবং পর্দার আড়ালে কূটনৈতিক সমাধানের চেষ্টা করছেন।

