মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা—ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ ঘনিয়ে আসছে। আর সেই আগুনে ঘি ঢালার মতো করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বড় এক সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়েছে। তিনি কি ইসরায়েলের সামরিক অভিযানে যোগ দেবেন? আর এর কেন্দ্রে রয়েছে একটি পুরোনো কিন্তু খুবই স্পর্শকাতর প্রশ্ন—ইরান কতটা কাছে চলে এসেছে পারমাণবিক বোমা তৈরির পর্যায়ে?
এই প্রশ্ন ঘিরেই তৈরি হয়েছে হোয়াইট হাউসে এক নতুন বিভাজন। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের মধ্যে দৃষ্টিভঙ্গির স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে।
গ্যাবার্ড বলছেন ‘না’, ট্রাম্প বলছেন ‘হ্যাঁ’
কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলন থেকে হঠাৎ করে দেশে ফিরে আসার পথে, প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল গ্যাবার্ডের সেই বক্তব্য নিয়ে, যেখানে তিনি বলেন—ইরান পারমাণবিক বোমা তৈরির কর্মসূচি আবার শুরু করেনি।
ট্রাম্পের উত্তর ছিল সংক্ষিপ্ত ও স্পষ্ট: “ও কী বলেছে, তাতে আমার কিছু যায় আসে না। আমার বিশ্বাস, ইরান এখন খুবই কাছাকাছি পৌঁছে গেছে।”
গ্যাবার্ড অবশ্য পরে বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা সত্যিই উদ্বেগজনক, এবং এ নিয়ে তিনি ও প্রেসিডেন্ট একই উদ্বেগ ভাগাভাগি করছেন।
হোয়াইট হাউসে অভ্যন্তরীণ টানাপড়েন
তুলসি গ্যাবার্ডের গোয়েন্দা প্রধান হওয়া শুরু থেকেই বিতর্কিত ছিল। তিনি আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর সমালোচক, সিরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠকে বসার মতো বিতর্কিত সিদ্ধান্তও নিয়েছেন অতীতে। তবে ২০২২ সালে ডেমোক্র্যাট পার্টি ছেড়ে ট্রাম্পকে সমর্থন করার পর থেকেই তার হোয়াইট হাউসে পদচারণা জোরালো হয়।
ফেব্রুয়ারিতে মাত্র ৫২-৪৮ ভোটে সিনেটে তার নিয়োগ নিশ্চিত হয়, যা অনেকটা স্পষ্ট ইঙ্গিত ছিল যে, ট্রাম্প তার প্রশাসনে ‘নন-ইন্টারভেনশনিস্ট’ (যুদ্ধ-বিরোধী) মতাদর্শকেও জায়গা দিতে চাইছেন।
কিন্তু এখন প্রেসিডেন্টের বক্তব্য তার গোয়েন্দা প্রধানের সরাসরি অস্বীকৃতি। এবং এটি প্রমাণ করে যে, হোয়াইট হাউসে ইরান-বিরোধী ‘যুদ্ধপন্থীরা’ আবারও প্রভাব বাড়াচ্ছে।
ইসরায়েল-ইরান যুদ্ধ: ট্রাম্পের ভিতরে দ্বন্দ্ব
ট্রাম্পের উপ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্সও গ্যাবার্ডের পক্ষে কথা বললেও শেষপর্যন্ত বলেছেন, “প্রেসিডেন্টের সিদ্ধান্তেই আমার আস্থা রয়েছে। তিনি আমেরিকান জনগণের লক্ষ্য পূরণ ছাড়া কিছুতেই আগ্রহী নন।”
এই অভ্যন্তরীণ মতপার্থক্য এখন ছড়িয়ে পড়ছে ট্রাম্পের “আমেরিকা ফার্স্ট” আন্দোলনের ভেতরেও। কেউ বলছেন, ইরান সত্যিই পারমাণবিক বোমার কাছাকাছি, আবার কেউ বলছেন—এটা কেবল একটা অজুহাত।
পুরনো ভুলের আশঙ্কা: ২০০৩ সালের ইরাক যুদ্ধের ছায়া
ইরান-বিরোধী শক্তিগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনকে সামনে টেনে বলছে, ইরান পরমাণু অস্ত্র চুক্তি লঙ্ঘন করেছে। তাই এখনই পদক্ষেপ দরকার।
অন্যদিকে, যুদ্ধবিরোধীরা—যেমন টাকার কার্লসন কিংবা কংগ্রেস সদস্য মার্জোরি টেলর গ্রিন—এই তথ্যকে অতিরঞ্জিত বলে দাবি করছেন। তারা বলছেন, এটা আরেকটি “রেজিম চেঞ্জ” নাটকের সূচনা মাত্র।
তাদের স্মরণ করিয়ে দিচ্ছে ২০০৩ সালের ইরাক যুদ্ধের সময়কার যুক্তিগুলো—যেখানে ভুয়া গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে আমেরিকা বিশাল যুদ্ধে জড়িয়ে পড়েছিল।
তখন প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছিলেন, “চূড়ান্ত প্রমাণের জন্য আমরা অপেক্ষা করতে পারি না, কারণ সেটি একটি মাশরুম ক্লাউড (পরমাণু বিস্ফোরণ) হিসেবেও আসতে পারে।” পরবর্তীতে সেই যুদ্ধ আমেরিকার জন্য ছিল অত্যন্ত ব্যয়বহুল, রক্তক্ষয়ী এবং জনপ্রিয়তাহীন এক সিদ্ধান্ত।
এবার কি একই পথে হাটছেন ট্রাম্প?
ইরাক যুদ্ধের কড়া সমালোচক ট্রাম্প ২০১৬ সালে ক্ষমতায় এসেছিলেন সেই “ভুল যুদ্ধের” বিপরীতে অবস্থান নিয়েই। কিন্তু এখন, ৯ বছর পর, তিনি নিজেই এক নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।
এবারের সিদ্ধান্ত হয়তো ভিন্ন বাস্তবতায় নেওয়া হবে। হোয়াইট হাউসও জানিয়ে দিয়েছে—ইরাকে যেমন বিশাল আকারে সামরিক অভিযান ও দেশ পুনর্গঠনের পরিকল্পনা ছিল, তেমন কিছু এবার চিন্তা করা হচ্ছে না।
তবু ইতিহাস বলে—যুদ্ধ একবার শুরু হলে, তা কীভাবে শেষ হবে তা কেউ জানে না।
এই পরিস্থিতিতে ট্রাম্প যদি গোয়েন্দা প্রতিবেদনের উপর ভরসা না করে রাজনৈতিক চাপ কিংবা ব্যক্তিগত বিশ্বাসের ভিত্তিতে সিদ্ধান্ত নেন, তবে সেই সিদ্ধান্তের পরিণতিও হতে পারে অতীতের মতোই দীর্ঘস্থায়ী এবং ভয়াবহ।

