ভারতের রাজধানী দিল্লি থেকে লেহগামী ইন্ডিগোর একটি বিমানে মাঝ আকাশে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। যাত্রী সুরক্ষার কথা বিবেচনা করে বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে আনা হয়।
ইন্ডিগোর বিবৃতি অনুযায়ী, উড্ডয়নের সময় কোনো জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়নি। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানটি ফিরিয়ে আনা হয়েছে। বিমানটি (ইন্ডিগো ৬ই ২০০৬) বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৬টায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লেহর উদ্দেশে রওনা দেয়। সকাল ৭টা ৫০ মিনিটে লেহ বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও- প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি দিল্লিতে ফেরত আসে।
ইন্ডিগো জানায়, লেহ বিমানবন্দরে অবতরণের পথে প্রযুক্তিগত সমস্যার কারণে বাধা সৃষ্টি হয়েছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিমানটি দিল্লিতে ফিরিয়ে আনা হয়। যাত্রীদের সমস্যার কথা বিবেচনা করে লেহতে পাঠানোর জন্য একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে।

