ইসরায়েলে যখন মনে হচ্ছিল, সরকার হয়তো ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে, তখনই ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা দেশটির “হৃদয়ে” আঘাত হেনেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ।
তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তেল আবিব থেকে বলেন, “মিসাইলগুলো পুরো দেশজুড়েই আঘাত করেছে, তবে সবচেয়ে বেশি মনোযোগ এখন পড়েছে দক্ষিণাঞ্চলের সোরোকা হাসপাতালে, যেটি সরাসরি হামলার শিকার হয়েছে।”
গোল্ডবার্গের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি কর্তৃপক্ষ এটি এমনভাবে উপস্থাপন করতে চাইছে যেন ইরান ইচ্ছাকৃতভাবে হাসপাতাল টার্গেট করেছে। তবে তিনিও স্মরণ করিয়ে দেন, “ইসরায়েলিরাও হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায়।”
তিনি বলেন, “ইসরায়েলের অনেক সামরিক ঘাঁটি এবং কৌশলগত স্থাপনাই সাধারণ বেসামরিক আবাসিক এলাকায় অবস্থিত। ফলে এসব স্থাপনার আশপাশে হাসপাতাল বা বেসামরিক প্রতিষ্ঠান থাকাটা অস্বাভাবিক কিছু নয়।”

তথ্য আদান-প্রদানেও ঘোরতর সেন্সরশিপ-
গোল্ডবার্গ আরো জানান, ইসরায়েলে প্রকৃত হামলার তথ্যও খুব সহজে জানা যায় না। “যেভাবে আল জাজিরা এবং আন্তর্জাতিক গণমাধ্যমের ওপর ইসরায়েল সেন্সরশিপ আরোপ করে, একইভাবে আমাদের দেশের নাগরিকরাও সরকারি মিডিয়ায় খুব বেশি কিছু দেখতে পান না।”
তিনি বলেন, “আমরাও কঠোর সেন্সরশিপের মধ্যে কাজ করি। তাই বেশিরভাগ সময় কেবল গুজব বা খণ্ড খণ্ড রিপোর্টই ছড়িয়ে পড়ে। তবে এটা নিশ্চিত যে ইরান এবার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জায়গায় আঘাত হেনেছে।”
পরিস্থিতি কোন দিকে যাচ্ছে?
এই মন্তব্যগুলো থেকে বোঝা যাচ্ছে- ইরান এখন আর শুধু প্রতীকী বা সীমিত পাল্টা জবাব দিচ্ছে না বরং সরাসরি ইসরায়েলের কৌশলগত হৃদয়ে আঘাত হানছে। এ ধরনের আঘাত শুধু সামরিকভাবে নয়, মনস্তাত্ত্বিকভাবেও ইসরায়েলের জন্য গভীর সংকেত বহন করে।

