আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক রাফায়েল গ্রোসি নিশ্চিত করেছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কোনও প্রচেষ্টা চালাচ্ছে বলে কোনও প্রমাণ নেই। এই বক্তব্য ইসরায়েলি সরকার এবং মার্কিন কর্মকর্তাদের দাবির বিরোধিতা করে।
মঙ্গলবার (১৭ জুন) সংবাদমাধ্যম সিএনএন-এর সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুরের সঙ্গে সাক্ষাৎকারে গ্রোসি বলেন, “আমরা যা রিপোর্ট করেছি তা হল, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির দিকে কোনও পদ্ধতিগত প্রচেষ্টার প্রমাণ আমাদের কাছে নেই।” তিনি আরো জানান, IAEA-এর অনুসন্ধানগুলো অন্যান্য স্বাধীন সূত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রেক্ষাপট-
ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, যেমন বিদ্যুৎ উৎপাদনের জন্য। IAEA-এর সাম্প্রতিক ত্রৈমাসিক প্রতিবেদন ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে, যাকে ইরান “রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত” বলে প্রত্যাখ্যান করেছে। এই প্রতিবেদনের পর IAEA-এর বোর্ড অফ গভর্নরস ইরানের বিরুদ্ধে পারমাণবিক বাধ্যবাধকতা মেনে না চলার অভিযোগে একটি নিন্দা প্রস্তাব পাস করে।
ইরানি কর্মকর্তারা বলছেন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি (JCPOA)-এর অন্যান্য স্বাক্ষরকারী দেশ, বিশেষ করে ইউরোপীয় দেশগুলো, তাদের প্রতিশ্রুতি পালন না করলে এই চুক্তি আর বাধ্যতামূলক থাকবে না। তবে ইরান এনপিটি (নিউক্লিয়ার নন-প্রলিফারেশন ট্রিটি) এবং IAEA-এর সুরক্ষা চুক্তির অধীনে তাদের প্রতিশ্রুতি পালন করছে বলে দাবি করছে।
প্রসঙ্গত, ইরান এনপিটি-তে স্বাক্ষরকারী দেশ কিন্তু ইসরায়েল এই চুক্তিতে যোগদান করতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলের কাছে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড এবং শতাধিক তৈরির উপকরণ রয়েছে বলে ধারণা করা হয়।
ইরানের অবস্থান-
ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির ধর্মীয় ফরমান অনুযায়ী, দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। ইরানি কর্মকর্তারা এই ফরমানের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে বলে জানিয়েছেন।
সাম্প্রতিক উত্তেজনা-
ইসরায়েল গত শুক্রবার (১৩ জুন, ২০২৫) ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান শহরের নাতানজ পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালায়, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী কাজ হিসেবে ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে। এই আক্রমণে শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকরা হতাহত হয়েছেন।
ইসরায়েলের এই আগ্রাসনের জবাবে ইরান আত্মরক্ষার জন্য ‘ট্রু প্রমিজ III’ নামে একটি প্রতিশোধমূলক অভিযান শুরু করে, যার এগারোটি ধাপ এখন পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৭ জুন) ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির দাবি পুনর্ব্যক্ত করলেও- IAEA-এর প্রধানের বক্তব্য এই দাবি খণ্ডন করে।
IAEA-এর চ্যালেঞ্জ-
ইসরায়েলের আক্রমণের কারণে IAEA-এর পরিদর্শকরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশ করতে পারছেন না। ফলে ইরানের ৪০৯ কেজি উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের (৬০% বিশুদ্ধতা) সঠিক অবস্থান যাচাই করা সম্ভব হচ্ছে না, যা তত্ত্বগতভাবে ১০টি পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট। গ্রোসি ব্লুমবার্গকে বলেন, “নিরাপদে আছে বলতে আমি নিশ্চিত নই।” তবে তিনি জানান, উপগ্রহ চিত্রে ইউরেনিয়াম স্থানান্তরের কোনও লক্ষণ দেখা যায়নি।
গ্রোসি কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন, কারণ বর্তমান পরিস্থিতি অত্যন্ত গুরুতর।

