গত কয়েকদিন ধরে ইরানের হামলা সীমিত ও কম কার্যকর মনে হলেও, বৃহস্পতিবারের সকালের দৃশ্যপট ছিল একেবারে ভিন্ন। ইরানি ক্ষেপণাস্ত্র এবার ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে একাধিক শহরে আঘাত হেনেছে। ফলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে যুদ্ধের গতিপথ নিয়ে।
এই হামলায় সবচেয়ে উল্লেখযোগ্য লক্ষ্য ছিল দক্ষিণ ইসরায়েলের বিরশেবা শহরের সোরোকা মেডিক্যাল সেন্টার, যা মূলত একটি বেসামরিক হাসপাতাল। ইরান দাবি করেছে, তাদের মূল লক্ষ্য ছিল হাসপাতালের পাশেই অবস্থিত একটি সামরিক স্থাপনা। কিন্তু ইসরায়েলের উপ–পররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল পাল্টা অভিযোগ করেছেন—ইরান সচেতনভাবেই একটি হাসপাতালকে টার্গেট করেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের সামিল।
তেল আভিভের পাশের হোলোন ও রামাতগন শহরেও ক্ষেপণাস্ত্র পড়েছে। তবে এই শহরগুলোতে ঠিক কী কী লক্ষ্যবস্তু ছিল, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
যদিও সম্প্রতি ইরানি ক্ষেপণাস্ত্রের সংখ্যা কিছুটা কমে এসেছে—যা থেকে অনুমান করা হচ্ছে যে ইসরায়েলি বিমান হামলায় ইরানের বেশ কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে—তবুও এই সকালের হামলা প্রমাণ করে যে, ইরানের প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি নষ্ট হয়নি। তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো কার্যকর ও ভয়ংকর।
এই ঘটনার পর, ইসরায়েল সরকার যুদ্ধকালীন কিছু বিধিনিষেধ শিথিল করেছে। হয়তো তারা মনে করছে, ইরানের আক্রমণ এখন নিয়ন্ত্রণে। কিন্তু সর্বশেষ এই পাল্টা আঘাত দেখিয়ে দিল—ইরান এখনো আঘাত হানতে সক্ষম এবং প্রয়োজনে সেটি করবে।
প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, পারমাণবিক কেন্দ্র, জ্বালানিকেন্দ্র, বিমানবন্দর, সরকারি ভবন এমনকি আবাসিক এলাকাতেও ধারাবাহিক বিমান হামলা চালিয়ে আসছে। ইরানের দাবি, এই হামলাগুলো নিছক আত্মরক্ষামূলক নয়—বরং এটা সরাসরি আগ্রাসন। ফলে তারা আত্মরক্ষার অধিকার বজায় রেখে পাল্টা হামলা চালাচ্ছে।

