ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের বিরসেবায় অবস্থিত একটি হাসপাতাল কেঁপে উঠেছে এবং এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরান জানিয়েছে, তাদের লক্ষ্য হাসপাতাল নয় বরং পাশে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (IDF) কমান্ড ও গোয়েন্দা সদরদপ্তর (C4I) ছিল। হামলার প্রভাবে হাসপাতালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ইরানি মিসাইল ইসরায়েলের বিভিন্ন স্থানে সরাসরি আঘাত হানে। এরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী ও অন্যান মন্ত্রীরা দাবি করেন যে ইরান হাসপাতালে হামলা চালিয়েছে।
কিন্তু ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন (IRNA) জানায়, হামলার লক্ষ্য ছিল গাভ-ইয়াম নেগেভ অ্যাডভান্স টেকনোলজিস পার্কে অবস্থিত IDF-এর কমান্ড ও গোয়েন্দা সদরদপ্তর। IRNA-এর প্রতিবেদনে বলা হয়, “হাসপাতালে শুধুমাত্র বিস্ফোরণের প্রভাব পড়েছে এবং এটির বড় কোনো ক্ষতি হয়নি। তবে সামরিক স্থাপনায় হামলা ছিল নির্ভুল এবং সরাসরি আঘাত।”
গাভ-ইয়াম নেগেভ অ্যাডভান্স টেকনোলজিস পার্কের ওয়েবসাইট অনুযায়ী, এটি বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয় এবং IDF-এর C4I শাখার ক্যাম্পাসের কাছে অবস্থিত। ইসরায়েলি সংবাদমাধ্যম পূর্বে জানিয়েছিল যে, এই পার্কে প্রতিরক্ষা বাহিনী তাদের একটি ক্যাম্পাস স্থাপন করছে।

