ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকি প্রসঙ্গে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের অভিযানের ফলে ইরানে সরকার পরিবর্তন ঘটতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেন, খামেনির পরিণতি ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো হতে পারে। এছাড়া মঙ্গলবার (১৭ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় “লুকিয়ে” আছেন, তবে ওয়াশিংটন “এখনই” তাকে হত্যার পরিকল্পনা করছে না।
বুধবার (১৮ জুন) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকরা খামেনিকে হত্যার হুমকি প্রসঙ্গে পুতিনের প্রতিক্রিয়া জানতে চান। তিনি বলেন, “আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। একদমই চাই না।”
পুতিন আরো বলেন, “আমি শুধু বলব- আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি যে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিক্রিয়ার নানা জটিলতা থাকা সত্ত্বেও ইরানের সাধারণ জনগণ তাদের নেতৃত্বের চারপাশে জড়ো হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে। তারা তাদের নেতৃত্বের প্রতি আস্থাশীল।”
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে পুতিন বলেন, ইসরায়েলের হামলার প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করা, সরকার পতন নয়। তিনি জানান, “ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোতে ইসরায়েল আঘাত হানতে পারেনি। সেগুলো এখনও অক্ষত আছে।”
পুতিন মনে করেন, সংঘাতের সমাধান সম্ভব। তিনি বলেন, “আমার মনে হয়, এই সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষেরই উচিত শত্রুতা বন্ধ করে পরস্পরের সঙ্গে সমঝোতায় আসা। আমার মতে, সব পক্ষের যদি সদিচ্ছা থাকে- তাহলে এটি সম্ভব।”

