মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে বলেছেন, তিনি যুদ্ধে জড়াতে চান না। তবে ইরানের পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনা রোধ করতে প্রয়োজনে যুদ্ধে যোগ দিতে হতে পারে।
বুধবার (১৮ জুন) ওভাল অফিসে তিনি বলেন, “আমিও যুদ্ধ করতে চাই না। আমার যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই। তবে ব্যাপারটা যদি এমন দাঁড়ায় যে, হয় আমরা যুদ্ধ করব আর নয় তাদের কাছে পারমাণবিক অস্ত্র আসবে, তাহলে (আমাদের) যেটা করা উচিত, সেটাই করতে হবে। হয়তো আমাদের যুদ্ধে যোগ দেওয়ার প্রয়োজন হবে না। আর ভুলবেন না: আমরা এখনো পর্যন্ত যুদ্ধে জড়াইনি।”
ট্রাম্পের মতে, ইরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত মেনে পরমাণু চুক্তিতে সই করত, তাহলে এই সংঘাত শুরু হতো না। গত এপ্রিল থেকে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পাঁচ দফা বৈঠকে ইরানের প্রতিনিধিরা ইউরেনিয়াম পরিশোধন সক্ষমতা নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা করেছিলেন, যাতে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পরমাণু প্রকল্প বেসামরিক, শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের জন্য।

তবুও- ট্রাম্প চলমান সংঘাতের জন্য ইরানকেই দায়ী করেন। তিনি বলেন, ইরান পরমাণু বোমা তৈরির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকে তাহলে গোটা বিশ্ব (বিস্ফোরণের দমকে) উড়ে যাবে।” তিনি আরো বলেন, “আমি ২০ বছর বা তার চেয়েও বেশি সময় ধরে বলছি, ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকতে পারবে না। দীর্ঘদিন ধরে এটা বলে আসছি আর মনে করি, কয়েক সপ্তাহের মধ্যেই তাদের হাতে এরকম অস্ত্র চলে আসতো।”
সমালোচকরা মনে করেন, ট্রাম্প এই বক্তব্যের মাধ্যমে যুদ্ধে যোগ দেওয়ার উপলক্ষ তৈরি করছেন। তিনি ইসরায়েলের মত ইরানের ইউরেনিয়াম পরিশোধনাগারকে হুমকি হিসেবে দেখছেন। গত শুক্রবার (১৩ জুন) থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলার কারণ হিসেবে ইরানের পরমাণু সক্ষমতার কথা বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের কাছেও পরমাণু অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়, যদিও ইসরায়েল কখনো এটি স্বীকার করেনি।

