উত্তর কোরিয়া বৃহস্পতিবার সকালে রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে উত্তর-পশ্চিম দিকে ১০টি মাল্টিপল লঞ্চ রকেট ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায় এই অস্ত্রগুলো স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচিত। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তারা প্রকাশ করেনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার নিষিদ্ধ। কিন্তু দেশটি এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আসছে।
ইরানের পক্ষ নিয়ে উত্তর কোরিয়ার বিবৃতি-
এদিকে উত্তর কোরিয়া ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয় এই হামলা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ইসরায়েলের এই আচরণ ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। তারা ইসরায়েলকে মার্কিন ও পশ্চিমা শক্তির সমর্থনে মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার জন্য ক্যান্সারের মতো হুমকি হিসেবে আখ্যায়িত করেছে।
গত ১৩ জুন ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা চালায়। এতে ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে হামলা চালায়। এই পাল্টাপাল্টি হামলা টানা ছয় দিন ধরে চলছে।
উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণ এবং ইরানের পক্ষে বিবৃতি বিশ্বব্যাপী উত্তেজনা আরো বাড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

