ইরানে হামলার ইঙ্গিতের পর এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে সরাসরি হুমকি দিয়েছেন ইসরাইলের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়ার মাসরি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাসরি লেখেন,
“ইরানের অভিযান শেষ হওয়ার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি।”
তিনি আরও যোগ করেন,
“পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়। এটুকু বুঝলেই যথেষ্ট।”
মাসরি বর্তমানে কোনো সরকারি পদে না থাকলেও তিনি লেবার পার্টির শীর্ষ নেতৃত্বে রয়েছেন, যার ফলে ইসরায়েলি রাজনৈতিক ও কৌশলগত মহলে তার প্রভাব অস্বীকার করার নয়। আর তাই তার এই মন্তব্য ঘিরে শুধু পাকিস্তান নয়, পুরো মুসলিম বিশ্বে উদ্বেগ দেখা দিয়েছে।
মাসরির পোস্টের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে।
পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরাম তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে ব্যঙ্গ করে লেখে,
“এরকম কোনো পরিকল্পনার আগে ক্যাপ্টেন লুটজের সঙ্গে পরামর্শ করে নিও, উনি অবশ্যই স্ট্র্যাটেজি ঠিক করতে সাহায্য করবেন – পাকিস্তান।”
অন্য একজন ব্যবহারকারী উসমান ঘানি লেখেন,
“হা হা! যখন আমাদের পারমাণবিক অস্ত্র ছিল না, তখনও তোমরা মিশন ফ্যান্টম ফ্লাইট চালাতে সাহস করোনি। আর এখন আছে, তাই স্বপ্নই দেখে যাও!”
এর আগে সোমবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একটি বিবৃতিতে ইসরাইলকে সরাসরি সতর্ক করেন। তিনি বলেন,
“ইসরাইলের উদ্দেশে আমাদের বার্তা স্পষ্ট: পাকিস্তানের দিকে চোখ তুলে তাকাবেন না।”
তিনি আরও জানান, পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে তাদের রয়েছে পর্যাপ্ত শক্তি ও দৃঢ় মনোবল।
মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় উত্তেজনা যখন চূড়ান্তে, ঠিক তখনই এমন হুমকি স্বাভাবিকভাবেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, একজন প্রভাবশালী ইসরায়েলি রাজনীতিকের মুখে পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর রাষ্ট্রকে এভাবে হুমকি দেওয়ার ঘটনা অযথা অস্থিরতা সৃষ্টি করতে পারে, যার প্রভাব পুরো অঞ্চলে পড়বে। শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের বদলে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য বিশ্বরাজনীতিকে যে কতটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে, সেটাই এখন বড় প্রশ্ন।

