মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একযোগে কঠোর বার্তা দিল—ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে না পারে, তা তারা নিশ্চিত করবে।
শুক্রবার (২০ জুন) লন্ডনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই বিষয়ে সম্পূর্ণরূপে একমত হয়েছেন।
বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়, বৈঠকে ল্যামি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে ‘চরমভাবে বিপজ্জনক’ বলে উল্লেখ করেন। তিনি জানান, পারমাণবিক সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে তারা আলোচনা করেছেন এবং আগামী দুই সপ্তাহের মধ্যে একটি কূটনৈতিক সমাধানের সম্ভাবনা দেখছেন।
ল্যামির ভাষায়, “এটা এখনই সঠিক সময়। আমাদের হাতে আগামী দুই সপ্তাহ সময় আছে—যেখানে একটি স্থায়ী ও গ্রহণযোগ্য কূটনৈতিক সমাধানের দরজা খুলতে পারে।”
অন্যদিকে মার্কো রুবিওর দপ্তর থেকেও জানানো হয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত। তারা বিশ্বাস করেন, আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখতে এটি এখন সবচেয়ে জরুরি বিষয়।
এর আগেই হোয়াইট হাউজ জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
বিশ্ব রাজনীতির এই টানাপোড়েনের মাঝে পরবর্তী পদক্ষেপ কী হয়, সেটাই এখন নজরে গোটা দুনিয়ার। তবে কূটনৈতিক ভাষায় ‘সুযোগের জানালা’ এখনও খোলা রয়েছে—এমন আশাবাদই যেন কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে।

