ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে দক্ষিণ ইসরায়েলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের উদ্ধারকারী বাহিনী মাগেন ডেভিড অ্যাডম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, একটি খোলা এলাকায় আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ার কুণ্ডলীতে চারপাশ অস্পষ্ট হয়ে গেছে। আশপাশের বহুতল ভবনগুলোর মধ্যে একটি ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে। সূত্র : আলজাজিরা
মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, শুক্রবার (২০ জুন) ভোরে দক্ষিণ ইসরায়েলে রেড অ্যালার্ট সাইরেন বাজার কয়েক মিনিটের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এই হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার (১৯ জুন) থেকে ইরান দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। বৃহস্পতিবার বিয়ের শেভা (বেরশেবা) শহরের তিনটি ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এছাড়া সোরোকা মেডিকেল সেন্টার নামে একটি বেসামরিক হাসপাতালেও আঘাত হানে, যাতে প্রায় ৭০০ রোগী ছিলেন। এই হামলায় অন্তত ১৩৭ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশের আঘাত সামান্য বা স্ট্রেস-সম্পর্কিত। হাসপাতালটি এখনও- জরুরি রোগীদের ভর্তি বন্ধ করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোরোকা হাসপাতালে হামলার জন্য ইরানের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন, এটিকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করে। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে ‘পূর্ণ মূল্য’ আদায় করা হবে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি ‘ডিসপারসাল মিসাইল’ ছিল, যা ২০টি ছোট বোমা বহন করে এবং এটি বেসামরিক এলাকায় আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে।


