ইরানের সামরিক বাহিনীর এলিট ফোরাম ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) আইআরজিসি’র শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এই নিয়োগ চূড়ান্ত করেন বলে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনা জানিয়েছে।
মাজিদ খাদামি গোয়েন্দা ইউনিটের সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মেদ কাজেমির স্থলাভিষিক্ত হয়েছেন। গত ১৫ জুন ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় কাজেমি নিহত হন। এই হামলা ১৩ জুন থেকে শুরু হয়।
মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌরও সম্প্রতি আইআরজিসি’র শীর্ষ কমান্ডার নিযুক্ত হয়েছেন। ১৩ জুন ইসরায়েলি হামলায় সাবেক প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে এই পদে নিয়োগ দেন।
ইসরায়েল হামলার শুরু থেকে ইরানের সামরিক বাহিনীর চেইন অব কমান্ড ভাঙতে উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করেছিল। ১৩ থেকে ১৫ জুনের মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার নিহত হন। তবে ইরান দ্রুত শূন্যপদে নতুন নিয়োগ দিয়ে এই ক্ষতি পূরণের চেষ্টা করছে।

