সাইবার হামলার সম্ভাব্য হুমকি ঠেকাতে পুরো দেশজুড়ে সাময়িকভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে ইরান। দেশের জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। শুক্রবার (২০ জুন) এই তথ্য নিশ্চিত করেছে দেশটির আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম।
বৃহস্পতিবার থেকেই ইন্টারনেট সংযোগে এই কঠোর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “আগ্রাসী শত্রুপক্ষ যাতে ইরানের ডিজিটাল অবকাঠামোর অপব্যবহার না করতে পারে, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের কাছে তথ্য রয়েছে—একটি সংগঠিত সাইবার বাহিনী গঠন করে ইরানের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে হামলা চালানো এবং নির্দিষ্ট ব্যক্তিদের নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে শত্রুপক্ষের।”
সরকারি বিবৃতিতে যদিও বলা হয়েছে, “দেশের অভ্যন্তরীণ কিছু নির্দিষ্ট প্ল্যাটফর্মে সীমিত পর্যায়ে ইন্টারনেট চালু আছে,” তবে বাস্তবতা ভিন্ন। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরের সাধারণ মানুষ জানিয়েছেন, তারা ব্রডব্র্যান্ড কিংবা মোবাইল ফোনে কোনো ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না। সামাজিক যোগাযোগমাধ্যম, বার্তা পাঠানো অ্যাপস এবং আন্তর্জাতিক ওয়েবসাইটগুলো ব্যবহার একেবারেই বন্ধ হয়ে গেছে।
বিশ্লেষকরা বলছেন, এটি শুধু সাইবার প্রতিরক্ষার অংশ নয়, বরং তথ্য নিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় ন্যারেটিভ বজায় রাখার কৌশলও হতে পারে। কারণ ইরানে অতীতেও রাজনৈতিক অস্থিরতা বা সেনা অভিযানের সময় এভাবে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে।
বর্তমানে সাইবার যুদ্ধের মাঠে যে লড়াই চলছে, তা অনেকটাই নীরব এবং অদৃশ্য। এই পরিস্থিতিতে ইরান সরকারের এমন পদক্ষেপ হয়তো কিছু হামলা প্রতিহত করতে পারবে, কিন্তু দেশের সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করে ফেলছে বিশ্ব থেকে—তথ্য, যোগাযোগ ও বাস্তবতা থেকে।
এই মুহূর্তে ইরানের জনগণ যেমন দুশ্চিন্তায়, তেমনি আন্তর্জাতিক মহলেও বাড়ছে উদ্বেগ। কারণ কোনো একটি দেশের ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়া মানে শুধু যোগাযোগ নয়, অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন জীবনযাত্রার ওপরও ভয়াবহ প্রভাব পড়া।

