ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না বলে আবারও সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ-কে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আমেরিকানরা একাধিকবার আমাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে, বার্তা পাঠিয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি—যতক্ষণ ইসরায়েলের আগ্রাসন চলবে, ততক্ষণ কোনো আলোচনা সম্ভব নয়।”
আরাঘচি আরও বলেন, “এই অপরাধের অংশীদার হওয়ায় আমেরিকার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক বা আলোচনার ক্ষেত্রই নেই।”
তার ভাষায়, একটি পক্ষ যখন হামলা চালায় এবং অন্য পক্ষ সেটিকে সমর্থন জানায়, তখন তাদের সঙ্গে ‘শান্তিপূর্ণ আলোচনার’ ভিত্তি থাকে না।
উল্লেখ্য, গত সপ্তাহে ইসরায়েল-ইরান উত্তেজনা নতুন করে তুঙ্গে পৌঁছানোর পর এই প্রথমবারের মতো পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মুখোমুখি হচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আজ জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ইরানের এই কড়া অবস্থান আন্তর্জাতিক কূটনৈতিক চেষ্টাকে জটিল করে তুলছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র এখনো চাইছে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের পথ বের করতে। তবে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ না হলে তা আদৌ সম্ভব কি না, তা নিয়ে ক্রমেই বাড়ছে অনিশ্চয়তা।

