ইরান ও ইসরাইলের চলমান সংঘাতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জড়িয়ে পড়তে পারে, যদি দুটি নির্দিষ্ট পরিস্থিতি সৃষ্টি হয়; যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপ অথবা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যা। হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র: মিডল ইস্ট আই
হিজবুল্লাহর আইনপ্রণেতা হাসান ফাদলাল্লাহ গত ১৪ জুন বলেছিলেন, “ইরান আত্মরক্ষা করতে জানে।” তবে গত সপ্তাহে একজন হিজবুল্লাহ কর্মকর্তা রয়টার্সকে নাকি বলেছিলেন, ইরানের ওপর ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় তারা ইসরাইলে আক্রমণ শুরু করবে না। কিন্তু হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রগুলো সংবাদমাধ্যম এমইইকে জানিয়েছে, রয়টার্সের এই প্রতিবেদন ভুল।
সূত্রটি আরো জানিয়েছে, হিজবুল্লাহর কিছু আদর্শিক ‘রেড লাইন’ রয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সম্পৃক্ততা এবং আয়াতুল্লাহ আলি খামেনির হত্যা। এই পরিস্থিতিগুলো হিজবুল্লাহর হিসাব পরিবর্তন করতে পারে এবং তাদেরকে সংঘাতে জড়িয়ে পড়তে বাধ্য করতে পারে। তবে যুদ্ধে তাদের ভূমিকা কী হবে, তা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়নি।
একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হস্তক্ষেপ করে, তবে হিজবুল্লাহও হস্তক্ষেপ করবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এই দুটি ‘রেড লাইন’-এরই ইঙ্গিত দিয়েছেন। সিবিএস নিউজ অনুসারে, ট্রাম্প ইরানে সরাসরি হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
এছাড়া খামেনির বিষয়ে ট্রাম্প গত মঙ্গলবার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছেন, “ওয়াশিংটন জানে যে ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছেন, তবে ‘আপাতত’ তাকে হত্যা করবে না।”
ইসরাইল গত ১৩ জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পালটা হামলা অব্যাহত রেখেছে। এই পালটাপালটি হামলায় উভয় দেশে বহু মানুষ হতাহত হয়েছেন।

