ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরাইলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, “শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অভিযান চিরতরে অবসানই এই যুদ্ধ বন্ধের একমাত্র পথ। অন্যথায় শত্রুদের প্রতি আমাদের প্রতিক্রিয়া আরো বেশি গুরুতর এবং ভয়াবহ হবে।” তিনি এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে প্রকাশ করেছেন। সূত্র: বিবিসি
বৃহস্পতিবার (১৯ জুন) জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেছেন, “কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব।” সামাজিক মাধ্যমে দেওয়া এই বার্তায় তিনি সরকারের সব মন্ত্রণালয় ও এজেন্সিকে নির্দেশ দিয়েছেন, “ইরানের জন্য তাদের সর্বোচ্চ শক্তি ও সম্পদ ব্যবহার করে কাজ করতে।” তিনি জনগণের উদ্দেশে বলেন, “কোনো কিছুর প্রতি বিমুখ না হয়ে আপনাদের ধৈর্য ও সমর্থন দরকার। সৃষ্টিকর্তার কৃপায় এবং সহানুভূতি ও সংহতির সাহায্যে আমরা এই কঠিন দিনগুলো কাটিয়ে উঠব।”
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জনগণকে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ভয় না পেয়ে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, “আজ পর্যন্ত আপনাদের যে আচরণ ছিল তা চালিয়ে যান। আরো দৃঢ়তার সঙ্গে এগিয়ে যান।” তিনি আরো বলেন, “যদি শত্রু বুঝতে পারে যে, আপনারা তাদের ভয় পান, তাহলে তারা ছেড়ে দেবে না।”
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা গত শুক্রবার (১৩ জুন) থেকে ইরানে রাতভর দফায় দফায় হামলা চালাচ্ছে। ৬০টিরও বেশি ইসরাইলি যুদ্ধবিমান তেহরানের বিভিন্ন স্থানে হামলা করেছে। এই হামলায় প্রায় ১২০টি যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা ইরানের সামরিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রকে লক্ষ্য করে চালানো হয়েছে। আইডিএফ দাবি করেছে, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সঙ্গে জড়িত স্থাপনাগুলো তাদের প্রধান লক্ষ্য ছিল। তবে ইরানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইরান দক্ষিণ ইসরাইলের বিরসেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র বিরসেবার মাইক্রোসফট ভবনের কাছে আঘাত হানার পর আগুন জ্বলতে দেখা গেছে। এতে কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি গাড়ি পুড়ে গেছে। হামলায় পাঁচজন আহত হয়েছেন, যাদের হাসপাতালে নেওয়া হয়েছে। অগ্নিনির্বাপক সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়েছে। ধারণা করা হচ্ছে, ইরান গ্যাভ-ইয়াম উন্নত প্রযুক্তি পার্ককে লক্ষ্য করে পুনরায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।
ইরান ও ইসরাইলের মধ্যে চলমান পালটাপালটি হামলা উত্তেজনাকে আরো তীব্র করেছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং সর্বোচ্চ নেতা খামেনির কঠোর অবস্থান এবং ইসরাইলের অব্যাহত হামলা এই সংঘাতকে আরও জটিল করে তুলছে। ইরানের পক্ষ থেকে আরো কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি এবং জনগণের প্রতি দৃঢ়তার আহ্বান পরিস্থিতির গুরুত্ব নির্দেশ করে। যদি আগ্রাসন অব্যাহত থাকে, তবে এই সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে।

