হাজারো গাজাবাসীর মতো ৩৮ বছর বয়সী হিন্দ আল নাওয়াঝা ও তার বোন মাযৌযাও প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে খাদ্যের সন্ধানে বের হন। খাবারের জন্য তাদের হাঁটতে হয় কয়েক কিলোমিটার, গরম-ধুলো আর গা ছমছমে আতঙ্কের মধ্যে দিয়ে। তবে এত কষ্টের পরও খাবার পাওয়ার নিশ্চয়তা নেই, আবার জীবিত ঘরে ফেরারও গ্যারান্টি নেই।
নাওয়াঝা রয়টার্সের কাছে বলেছেন, “খাবার নিয়ে আসবেন, তাহলে সন্তানরা খুশি হবে। আর না এলে তাদের কান্না শুনতে হবে। আবার হয়তো মরেও ফিরে আসতে হবে।” এই ভাষায় যেন জীবনের প্রতিদিনের লড়াইয়ের কঠোর বাস্তবতা ফুটে ওঠে।
গাজার অবরুদ্ধ পরিস্থিতিতে খাদ্যের অভাব দিনদিন গভীর হচ্ছে। দুই মাসের ইসরায়েলি অবরোধের পর, ত্রাণ পৌঁছে যাচ্ছে শুধু মার্কিন ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানটারিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে। তাদের ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে খাবার পেতে গিয়ে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত দুই দিনেই মাত্র ত্রাণের জন্য এগিয়ে গিয়ে ১৮ ও ১৯ জুন অন্তত ৫০ এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে গাজার স্বাস্থ্যকর্মীরা জানাচ্ছেন।
বিশেষ করে ১২ জন মারা গেছেন ওই সংস্থার নির্ধারিত ত্রাণ কেন্দ্রে গিয়ে খাবার সংগ্রহ করতে গিয়ে। অন্যদিকে ইসরায়েলি সেনারা বলছে, সন্দেহজনক কিছু লোক তাদের দিকে এগিয়ে আসায় তাদের সতর্ক করতে ফাঁকা গুলি চালানো হয়েছিল এবং কোনও হতাহতের খবর তাদের কাছে নেই।
তবে গাজার স্বাস্থ্যকর্মীদের অভিযোগ উড়িয়ে দিয়ে ত্রাণ সংস্থা বলেছে, গাজায় ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তবে তারা নিহতের বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।
সাম্প্রতিক ইসরায়েলি হামলায় জাবালিয়া ও শাতি এলাকায় শতাধিক মানুষ নিহত হওয়ার খবরও পাওয়া গেছে, যদিও ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নাওয়াঝার কথায় শেষ করা যাক—সেদিনও তিনি খাবার ছাড়া ফিরে আসতে বাধ্য হন। হাঁটতে গিয়ে জুতা নষ্ট, পায়ে ব্যথা, আর হৃদয়ে গভীর ক্ষুধার যন্ত্রণা। ত্রাণকেন্দ্রে ধাক্কাধাক্কি আর লড়াইয়ের ভিড়ে খাবার সংগ্রহ করতে না পারার বেদনাও তাদের জন্য নতুন নয়।
জাতিসংঘ বারবার বলেছে, গাজায় খাদ্যের সরবরাহ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আর এই অভুক্ত পরিস্থিতিতে হাজারো পরিবার কেবল খাবারের জন্য হেঁটে বের হয়, জীবন বাজি রেখে।

