ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ইরানের কর্তৃপক্ষ।
শনিবার (২১ জুন) বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শুক্রবার (২০ জুন ২০২৫) খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা “শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার” অভিযোগে অভিযুক্ত।
ইরানের আধা-সরকারি নিউজ এজেন্সি ফার্স রাষ্ট্রপক্ষের বরাত দিয়ে জানায়, গ্রেপ্তারকৃতদের সঙ্গে মোসাদের সরাসরি যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে বলে কর্তৃপক্ষ দাবি করছে।
ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে খুজেস্তানে ৫৪ জনের গ্রেপ্তারের ঘটনা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের প্রচেষ্টার অংশ। এই অভিযান গোয়েন্দা ও সাইবার যুদ্ধের তীব্রতা প্রকাশ করে।

