ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় শুক্রবার (২০ জুন) ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৩৩ জন আহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন স্থানীয় হাসপাতালের তথ্যের বরাতে এ খবর জানিয়েছে।
হাইফার রামবাম হাসপাতালের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং আরো ১৬ জন সামান্য আঘাত নিয়ে চিকিৎসা নিয়েছেন।
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত গত ১৩ জুন শুরু হয়। এরপর থেকে উভয়পক্ষ একের পর এক হামলা ও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) তথ্য অনুযায়ী, ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন।
অন্যদিকে ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলের কোম শহরে ইসরায়েলি বাহিনী একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে। ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাতে আল-জাজিরা জানিয়েছে, এই হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত এবং আরো দুজন আহত হয়েছেন, যাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এই হামলার লক্ষ্য কী বা কে ছিল, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আজ শনিবার (২১ জুন) ইরান-ইসরায়েল সংঘাতের নবম দিন। তেহরান ও ইস্পাহানের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল-জাজিরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এসব পোস্টের সত্যতা যাচাই করেছে।
ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত উভয় দেশে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়াচ্ছে। হাইফায় ইরানের হামলা এবং কোমে ইসরায়েলের পাল্টা হামলা এই সংঘাতের তীব্রতা ও আঞ্চলিক উত্তেজনার ইঙ্গিত দেয়।

