ইসরায়েলের একের পর এক বিমান হামলার মধ্যে ইরানের উত্তরাঞ্চলে ৫.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে এবং সেমনান শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার (২৩ মাইল) দক্ষিণ-পশ্চিমে সংঘটিত হয়। তবে ইরানের তাসনিম বার্তা সংস্থা ভূমিকম্পের মাত্রা ৫.২ বলে উল্লেখ করেছে।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি ইরানের কোম প্রদেশে অবস্থিত ফর্দো পারমাণবিক স্থাপনার কাছাকাছি আঘাত হানে। কম্পনের তীব্রতা হালকা ছিল এবং এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের প্রভাব তেহরান পর্যন্ত পৌঁছেছে, যেখানে উপকেন্দ্র ছিল সেমনান শহর, তেহরান থেকে প্রায় ১৪৫ মাইল পূর্বে। স্থানীয় সংবাদমাধ্যম তেহরানে কম্পন অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
পরীক্ষার গুঞ্জন:
সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প ঘিরে গুঞ্জন ছড়িয়েছে। একটি টেলিগ্রাম চ্যানেলে এক ইরানি ব্লগার ইঙ্গিত দিয়েছেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কোনো ‘পরীক্ষা’ করছে। তবে মিরর ইউএস জানিয়েছে, এই দাবি এখনো নিশ্চিত হয়নি। ইরানের প্রধান গণমাধ্যমগুলো ভূমিকম্পের খবর প্রকাশ করলেও ‘পরীক্ষা’ নিয়ে কিছু জানায়নি। বিভিন্ন সংবাদমাধ্যম ভূমিকম্পের মাত্রা ৫.২ থেকে ৫.৫ হিসেবে উল্লেখ করেছে।
ইরান ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় এ ধরনের কম্পন নতুন নয়। একই সময়ে, স্থানীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেহমাই প্রদেশে ‘মাগার’ নামে একটি বিমান প্রতিরক্ষা স্থাপনায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটনিউজ ডটকম দাবি করেছে।
ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ফর্দো পারমাণবিক স্থাপনার কাছে ৫.১ মাত্রার ভূমিকম্প এবং সমসাময়িক ইসরায়েলি হামলা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। সামাজিক মাধ্যমে বিপ্লবী গার্ডের ‘পরীক্ষা’ নিয়ে গুঞ্জন থাকলেও এটি এখনো অযাচিত।

