ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের পরমাণু কর্মসূচি নিয়ে কোনও নতুন কূটনৈতিক আলোচনায় বসবে না বলে ঘোষণা করেছে ইরান। এই ঘোষণা এসেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এয়াল জামির ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার সতর্কবার্তার পর। শনিবার (২১ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের (যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইইউ) সঙ্গে বৈঠকে বলেন, “ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে কোনও কূটনৈতিক আলোচনা হবে না।” তিনি দাবি করেন, “ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং আত্মরক্ষার অধিকার আন্তর্জাতিক আইনে বৈধ। আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনও আলোচনা হবে না।”
ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র গুদাম ও উৎক্ষেপণ কেন্দ্রে নতুন বিমান হামলা চালিয়েছে। এর আগে ইরান কেন্দ্রীয় ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যার ফলে তেল আবিবের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং একটি ভবনে সম্ভবত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আগুন ধরে। শুক্রবার ইরান হাইফায় ২০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে একজন নারী হৃদরোগে মারা যান। এর মাধ্যমে ইসরায়েলে মৃতের সংখ্যা ২৫-এ পৌঁছেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, গত সপ্তাহে তারা ইরানের সামরিক স্থাপনা, অস্ত্র মজুতকেন্দ্র ধ্বংস করেছে এবং কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছেন, তবে মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে এই সংখ্যা ৬৩৯ ছাড়িয়েছে।
ইরান-ইসরায়েল সংঘাতের তীব্রতা বৃদ্ধি এবং ইরানের পারমাণবিক আলোচনা বাতিলের ঘোষণা আঞ্চলিক উত্তেজনাকে আরো জটিল করেছে। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় সংঘাতের সমাধান আরও কঠিন হয়ে পড়েছে।

