ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। এই বৈঠকটি আগামী সোমবার (২৩ জুন) রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত হতে পারে। সূত্র: এনবিসি নিউজ
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ ও অ্যাক্সিওস জানিয়েছে, আরাগচি সোমবার মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন।
এর আগে জেনেভায় ইউরোপীয় শীর্ষ কূটনীতিকদের সঙ্গে আলোচনা শেষে এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরান কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত, তবে তার আগে ইসরায়েলের বিমান হামলা বন্ধ হতে হবে।
তিনি বলেন, “চুক্তি হবে কিনা, তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। তারা কি সত্যিই আলোচনার মাধ্যমে সমাধান চায়, নাকি অন্য কিছু ভাবছে এবং যেভাবেই হোক- ইরানের ওপর হামলা চালাতে চায়।”
দুই সপ্তাহের মধ্যে সমঝোতায় পৌঁছানো সম্ভব কিনা জানতে চাইলে আরাগচি বলেন, “এটা ট্রাম্প প্রশাসনের সদিচ্ছার ওপর নির্ভর করছে।” তিনি যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস প্রকাশ করে বলেন, ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কর্মকাণ্ড “কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা”।
ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে রাশিয়ার সঙ্গে ইরানের এই বৈঠক আঞ্চলিক শক্তি ভারসাম্য ও কূটনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আরাগচির বক্তব্যে ইরানের কঠোর অবস্থান এবং কূটনীতির প্রতি শর্তযুক্ত সমর্থন স্পষ্ট।

