‘রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়।’ যুদ্ধে বেঁচে যাওয়া মানুষের কাছে এর অর্থ আতঙ্ক, মৃত্যু, ধ্বংস, হাহাকার, পঙ্গুত্ব, খাদ্যসংকট, আর ভয়াবহ বিভীষিকা- মানুষের সৃষ্ট সবচেয়ে ভয়াল সমাবেশ। এসবের সঙ্গে পাল্লা দিয়ে তাঁদের প্রতিনিয়ত পরিস্থিতির সঙ্গে, নিজের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়। রাজনৈতিক যুদ্ধের পাশাপাশি সাধারণ মানুষকেও এক নীরব যুদ্ধে নামতে হয়, যেখানে কোনো সাইরেন বাজে না।
ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে ইরানে হামলায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের জীবনে ভয় আর অনিশ্চয়তা ছায়ার মতো লেগে আছে। সংঘাত শুরু হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও বহির্বিশ্বের সঙ্গে তাঁদের যোগাযোগ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বারবার বিচ্ছিন্ন হচ্ছে। খাদ্যসংকট তীব্র, বাজার বন্ধের উপক্রম। এমন পরিস্থিতিতে আতঙ্কে তেহরান ত্যাগ করছেন অনেকে। প্রতিদিন নতুন নতুন দুর্যোগের মুখোমুখি হচ্ছেন ইরানিরা।

ধ্বংস ও হতাশার ছবি-
প্রথম বিশ্বযুদ্ধকে বলা হয়েছিল ‘যুদ্ধের সমাপ্তি ঘটানোর যুদ্ধ’। কিন্তু ২০ বছর না পেরোতেই বিশ্ব আবার যুদ্ধের মুখ দেখেছে। এর মানে, যুদ্ধ চলতেই থাকবে। যাঁরা যুদ্ধে গেছেন, যাঁরা ঘরে অপেক্ষা করেছেন- সবাই এক ভয়াবহ মানসিক যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছেন। নেটফ্লিক্সের ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজে প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে বার্মিংহামের গল্প দেখানো হয়। এর নায়ক, একজন প্রাক্তন সৈনিক, প্রতি রাতে দুঃস্বপ্নে বাংকারে ফিরে যান। তাঁর বন্ধু, যুদ্ধ থেকে ফিরলেও- মাঝেমধ্যে হিংস্র হয়ে সামনের মানুষকে আঘাত করতে চান।
বৃহস্পতিবার (১৯ জুন) সিএনএন অনুসারে দেখা যায়, এ ধরনের অভিজ্ঞতা জানিয়েছেন- তেহরানের ২৭ বছর বয়সী এক সেনাসদস্য। সামরিক নিয়মের কারণে তিনি ফোন বা ডিভাইস ব্যবহার করতে পারেন না। তিনি বলেন, “মনে হয় ক্ষেপণাস্ত্র আমাকে তাড়া করছে। কারাজে যাই, সেখানে বোমা পড়ে। তেহরানে ফিরি, এখানেও হামলা হয়।”
দক্ষিণ ইরানের শিরাজে সেলুনে কাজ করা এক নারী বলেন, “কী বলব, জানি না! ভিডিও, ছবি দেখুন-মানুষ মরছে, আমাদের দেশ লুটপাট হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে।”
তেহরানের এক অ্যাপার্টমেন্টে পরিচ্ছন্নতাকর্মী ২২ বছর বয়সী এক তরুণ বলেন, “এত ধ্বংস মেরামত করতে দশক লাগবে, তা-ও যদি সম্ভব হয়। এর খরচ আমাদেরই দিতে হবে।”

অর্থনৈতিক দুর্দশা-
সিএনএন-এর প্রতিবেদন অনুসারে দেখা যায়, সংঘাতের মধ্যে ইরানিদের জীবন অদ্ভুতভাবে চলছে। পাড়ার দোকানপাট খোলা থাকলেও অনেকে বাকিতে বা ঋণে খরচ করছেন। ব্যাংক থেকে নগদ টাকা তোলা সম্ভব না হওয়ায় ঋণই এখন তাঁদের একমাত্র ভরসা।
নিরাপত্তার কারণে নাম গোপন রাখা এক ব্যক্তি বলেন, “ব্যাংক থেকে রিয়াল তোলা যাচ্ছে না, তাই ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে। বিদ্যুৎ আছে, কিন্তু পেট্রল কোনো কাজে লাগছে না, কারণ তেহরানের বাইরে যাওয়ার জায়গা নেই।”
শিরাজের ৫৫ বছর বয়সী এক শিক্ষক বলেন, নগর কেন্দ্রের এক ব্যাংকের সামনে ‘রিয়াল তোলার জন্য মানুষের বিশাল সারি’ দেখেছেন। ব্যাংক কর্মীরা এই চাহিদা সামলাতে হিমশিম খাচ্ছিলেন। তিনি বলেন, “আতঙ্ক থেকেই মানুষ এসব করছে।”
ফাঁকা দোকান, আতঙ্কিত মানুষ-
যুদ্ধের বাড়তি চাপ সবসময় সাধারণ মানুষের ওপর পড়ে। বৃহস্পতিবার দ্য ইনডিপেনডেন্টকে উত্তর-পূর্ব তেহরানের এক খাবার বিক্রেতা বলেন, “মানুষের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। অভিভাবকরা সন্তানদের নিয়ে উদ্বিগ্ন। যাঁদের হাতে সামান্য টাকা আছে, তাঁরা এই কয়েক দিনে যেন বছরের পর বছর বুড়িয়ে গেছেন।” তিনি জানান, দোকান থেকে বোতলজাত পানি ও প্যাকেটজাত খাবার দ্রুত বিক্রি হয়ে গেছে। যাঁরা কিনতে পারেননি, তাঁরা মানসিক ও আর্থিক চাপে ভুগছেন।
তিনি আরো বলেন, “যুদ্ধ শুধু বোমা আর ড্রোন দিয়ে আঘাত করে না। এটা মানসিক স্বাস্থ্যও ধ্বংস করে। প্রতিটি বিস্ফোরণে কতজন হার্ট অ্যাটাক বা নার্ভাস ব্রেকডাউনে ভুগছেন, কেউ জানে না। সরকার এর দায় নেবে না কিন্তু আমরা নিজ চোখে দেখছি।”
দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে দেখা যায়, সামাজিক মাধ্যমে অনেকে জানিয়েছেন, দোকান থেকে বিস্কুটের মতো হালকা খাবারও শেষ হয়ে গেছে। দক্ষিণ তেহরানের এক মধ্যবয়সী ব্যক্তি বলেন, কয়েকটি দোকান ঘুরে তিনি মাত্র দুটি মুরগি কিনতে পেরেছেন। তিনি জানান, দীর্ঘমেয়াদি খাবার দ্রুত শেষ হয়ে যাচ্ছে। মানুষ যুদ্ধকে এখন বাস্তবতা হিসেবে অনুভব করছে।

ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ-
দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, ১৫ জুন তেহরানের আলাদ্দিন মলে তোলা ছবিতে দেখা গেছে, ব্যবসায়ীরা দোকান বন্ধ করছেন। এই দোকান আবার খুলতে পারবেন কি না, তা তাঁরা জানেন না। এই দৃশ্য শুধু আলাদ্দিন মলের নয়; তেহরানের পূর্ব থেকে পশ্চিম এবং অন্য শহরের শপিং সেন্টারগুলোরও একই অবস্থা। ফারজাম স্ট্রিটের এক পোশাক বিক্রেতা বলেন, “প্রায় সবাই দোকান বন্ধ করে দিয়েছে। কেউ কেউ শুধু দিনে একটা পণ্য বিক্রির আশায় দোকান খোলা রাখছে। কিছু না বিক্রি হলে রাতে হয়তো রুটি জুটবে না।”
ইরান-ইসরায়েল সংঘাতের আগে থেকেই মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক স্থবিরতা ও করের চাপে ক্ষুদ্র ব্যবসায়ীরা কঠিন সময় পার করছিলেন। এই সংঘাত সেই চাপ আরও বাড়িয়েছে। নাম প্রকাশ না করা এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, তাঁর পাশের দোকানদার কয়েকজনের কাছ থেকে ধার করে ১০ লাখ তুমান জোগাড় করেছেন শুধু খাবার কিনে রাখার জন্য। এই ঋণ তিনি হয়তো শোধ করতে পারবেন না।

বাড়ছে আতঙ্ক-
ইরানে বোমা থেকে বাঁচার জন্য কোনো নির্দিষ্ট আশ্রয়কেন্দ্র নেই। ১৫ জুন কর্তৃপক্ষ মেট্রোরেল স্টেশনগুলোকে জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেয় এবং মানুষকে মসজিদে যেতে বলে। তবে এসব ভূমি-উপরস্থ আশ্রয়কেন্দ্র কতটা নিরাপদ, তা নিয়ে সন্দেহ আছে। দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, ১৬ জুন সকালে তেহরানের মেট্রো স্টেশন বন্ধ ছিল, আর বাইরে ছিল আতঙ্কিত মানুষের ভিড়।
ইস্পাহানসহ অন্য শহরেও একই অবস্থা। চার দশক আগের যুদ্ধের পরও কেন আশ্রয়কেন্দ্র তৈরি হয়নি, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগছে। তেহরান সিটি কাউন্সিলের প্রধান মেহেদি চামরান বলেন, “আমাদের এখনো প্রয়োজনীয় অবকাঠামো নেই। এমনকি ১৯৮০-এর যুদ্ধেও যথাযথ অভিজ্ঞতা ছিল না।”
এসব কারণে মানুষ জানালায় ক্রস আকৃতির টেপ লাগিয়ে কাচ ভাঙা ঠেকানোর চেষ্টা করছেন। তেহরানের নাজাফাবাদের ৬০ বছর বয়সী এক নারী বলেন, “আমার মানসিক অসুস্থতা আছে। প্রতিটি বিস্ফোরণের শব্দে মনে হয় জীবনের অর্ধেক ঝরে যাচ্ছে।” তিনি জানান, তাঁর ৮৭ বছর বয়সী বাবাও বিস্ফোরণের শব্দে গভীরভাবে বিচলিত হন।

ইন্টারনেট সেবা বিঘ্নিত-
ইসরায়েলি হামলায় অনেক ভবন ধ্বংস হওয়ায় ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বারবার বিচ্ছিন্ন হচ্ছে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছে। ইরানের উপযোগাযোগমন্ত্রী এক্স-এ বলেছেন, “আমরা চাই ইন্টারনেট থাকুক কিন্তু এটা আমাদের হাতে নেই।”
নাম প্রকাশ না করা এক ইরানি প্রবাসী বলেন, “আমার বাড়ির কাছে হামলা হয়েছিল। পারিবারিক গ্রুপে বার্তা পাঠিয়েছিলাম কিন্তু তা পৌঁছায়নি। তিন ঘণ্টা কোনো উত্তর পাইনি। পাগল হয়ে যাচ্ছিলাম।”

তেহরান ত্যাগ করছে মানুষ-
বিবিসি’র মঙ্গলবারের (১৭ জুন) প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল-ইরান সংঘাতের কারণে আতঙ্কে তেহরান ছেড়ে পালাচ্ছেন মানুষ। অধিকাংশ গাড়িতে, কেউ মোটরসাইকেলে, কেউবা হেঁটে নিরুদ্দেশ যাত্রা করেছেন। পেট্রলপাম্পে প্রচণ্ড ভিড়।
দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, সীমান্তে, বিশেষ করে তুরস্কগামী বাজারগানে তেহরানবাসীর দীর্ঘ সারি দেখা গেছে। উড়োজাহাজ বন্ধ থাকায় মানুষ গাড়ি বা বাসের ওপর নির্ভর করছে।
রাজায় রাজায় যুদ্ধ হয়তো একদিন থামে। কিন্তু এই সংঘাতে শুরু হওয়া সাধারণ মানুষের জীবনের ছোট ছোট যুদ্ধ কখনো শেষ হয় না। মূল যুদ্ধের পর তাঁদের শুরু হয় বেঁচে থাকার নতুন লড়াই।
সূত্র: সিএনএন, বিবিসি, দ্য ইনডিপেনডেন্ট

