যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমানগুলো প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে। পশ্চিম উপকূল থেকে এই বিমানের গন্তব্য সম্পর্কে নিশ্চিত তথ্য না মিললেও তা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার ইঙ্গিত হতে পারে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
এই বোমারু বিমানগুলো ‘বাঙ্কার-বাস্টার’ নামক বিশেষ ধরনের বোমা বহনে সক্ষম, যা ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা এই হামলার টার্গেট হতে পারে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরেছেন। নিউ জার্সি থেকে শনিবার বিকেলে তিনি রাজধানীতে আসেন। এর আগে বৃহস্পতিবার ট্রাম্প জানান, কূটনৈতিক প্রচেষ্টার জন্য তিনি দুই সপ্তাহ সময় নিচ্ছেন। তবে তার আগেই তিনি ইরানে সামরিক হামলা চালানো হবে কি না—সে সিদ্ধান্ত নেবেন বলে জানান।
সূত্র জানায়, এরই মধ্যে ইরানে হামলার পরিকল্পনায় ট্রাম্প অনুমোদন দিয়েছেন।
নিউইয়র্ক টাইমস আরও জানায়, যুক্তরাষ্ট্রের মিজৌরির হোয়াইটম্যান এয়ার ফোর্স বেস থেকে একাধিক বি-২ বিমান উড্ডয়ন করেছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্য অনুযায়ী এসব বিমান প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছে। তবে তাদের নির্দিষ্ট গন্তব্য এখনও স্পষ্ট নয়।
বিভিন্ন ফ্লাইট ট্র্যাকার রিপোর্ট বলছে, বিমানগুলো গুয়ামের দিকে যাচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। তবে নিউইয়র্ক টাইমস এ তথ্য নিশ্চিত করতে পারেনি।
এদিকে আল–জাজিরা জানিয়েছে, বি–২ বোমারু বিমানগুলো ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটির দিকে যাচ্ছে। এই ঘাঁটি থেকে একবার জ্বালানি নিলে বিমানগুলো সরাসরি ইরানে হামলা চালাতে পারবে।
বি-২ বিমানগুলো প্রতিটি ৩০ হাজার পাউন্ড ওজনের বাঙ্কার-বাস্টার বোমা বহনে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে, এই সক্ষমতা যুক্তরাষ্ট্রকে ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় সরাসরি আঘাত হানার সুযোগ করে দেয়।

