মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আগুন জ্বালিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিস্ফোরক সামরিক পদক্ষেপ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফল বিমান হামলা চালিয়েছে। তিনি বলেন, ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানে টার্গেট করে হামলা চালানো হয় এবং অভিযানে অংশ নেওয়া সব বিমান নিরাপদে ইরানের আকাশসীমা থেকে বেরিয়ে গেছে।
এই ঘোষণার পর কিছুটা থেমে থেকে ট্রাম্প আরও একটি ছোট কিন্তু বিস্ফোরক পোস্ট দেন—“Fordo is gone”, অর্থাৎ “ফোর্দো শেষ।” এতে বোঝা যায়, ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনাটি যুক্তরাষ্ট্রের হামলায় ধ্বংস হয়েছে বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত।
এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের একজন ভাষ্যকার পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখন থেকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রতিটি আমেরিকান নাগরিক ও সামরিক স্থাপনা বৈধ টার্গেট বা লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। এই বক্তব্য থেকেই স্পষ্ট, ইরান এই হামলাকে যুদ্ধ ঘোষণার সমতুল্য মনে করছে এবং পাল্টা জবাব দিতে প্রস্তুত।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় অংশ নিয়েছে বি-টু (B-2) বোমারু বিমান, যা স্টিলথ প্রযুক্তির মাধ্যমে শত্রুপক্ষের রাডার ফাঁকি দিয়ে গভীর এলাকায় টার্গেট আঘাত হানতে সক্ষম। এসব বিমান ব্যবহারের অর্থই হলো, হামলা ছিল অত্যন্ত পরিকল্পিত, নির্ভুল এবং কৌশলগত।
ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান—এই তিনটি এলাকাই ইরানের পারমাণবিক কার্যক্রমের মূল ঘাঁটি হিসেবে পরিচিত। বিশেষ করে ফোর্দো একটি ভূগর্ভস্থ এবং কড়া নিরাপত্তা বেষ্টিত কেন্দ্র, যেটিকে ঘিরে দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন ছিল। সেখানে হামলা চালানো মানেই ইরানের পারমাণবিক কর্মসূচিতে বড় ধরনের ধাক্কা দেওয়া।
ঘটনাটি বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। যদিও আন্তর্জাতিক মহলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পুরোপুরি আসেনি, কিন্তু কূটনৈতিক মহলে এর প্রভাব ভয়াবহ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এখন প্রশ্ন হচ্ছে—এই হামলা কি একটি বড় সংঘাতের সূচনা, নাকি কৌশলগতভাবে ইরানকে চাপে রাখার উদ্দেশ্যে একটি এককালীন পদক্ষেপ? তবে এটুকু স্পষ্ট, মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ আবারও গাঢ় হয়ে উঠছে।

