প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (২১ জুন) ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার ঘোষণা দেন, যাতে মার্কিন বিমানবাহিনীর বি-২ স্টেলথ বোমারু বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, এই হামলায় বি-২ বিমান অংশ নিয়েছে। নিউইয়র্ক টাইমসের কাছেও একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেন, হামলায় ছয়টি বি-২ বোমারু বিমান ব্যবহৃত হয়েছে।
এই হামলায় ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা, যা পর্বতের গভীরে অবস্থিত, প্রধান লক্ষ্য ছিল। বি-২ বিমানগুলো থেকে ফোর্দোতে এক ডজন ৩০,০০০ পাউন্ড ওজনের জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর (এমওপি), যা ‘বাঙ্কার বাস্টার’ নামে পরিচিত, যা ফেলা হয়। এছাড়া নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় একটি বি-২ বিমান থেকে দুটি বাঙ্কার বাস্টার বোমা নিক্ষেপ করা হয়। মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে ৩০টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র (টিএলএএম) ছোড়া হয়।
নিউইয়র্ক টাইমসের সূত্রে একজন মার্কিন কর্মকর্তা জানান, রোববার ভোরে হামলাকারী বি-২ বিমানগুলো মিসৌরির হোয়াইটম্যান এয়ার ফোর্স বেস থেকে প্রায় ৩৭ ঘণ্টা একটানা উড়ে ইরানে পৌঁছায়। এই দীর্ঘ যাত্রাপথে বিমানগুলো মাঝ-আকাশে কয়েকবার জ্বালানি ভরে নেয়।
এর আগে নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে, সম্ভবত গুয়ামের অ্যান্ডারসন এয়ার ফোর্স বেসে- দুই থেকে চারটি বি-২ স্টেলথ বোমারু বিমান মোতায়েন করেছিল। এই বিমানগুলো ফোর্দোর মত অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক স্থাপনা ধ্বংসে সক্ষম বাঙ্কার বাস্টার বোমা বহন করতে পারে।
ট্রাম্প দাবি করেন, মার্কিন হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা- ফোর্দো, নাতাঞ্জ এবং ইসফাহান- ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ হয়েছে। তিনি বলেন, “তেহরানের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ফোর্দো আর নেই।”
মার্কিন বি-২ স্টেলথ বোমারু বিমান, তার অত্যাধুনিক প্রযুক্তি এবং জিবিইউ-৫৭ বাঙ্কার বাস্টার বোমার সক্ষমতার কারণে, ইরানের গভীরে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই হামলায় নৌবাহিনীর টমাহক ক্ষেপণাস্ত্রের সঙ্গে বি-২ বিমানের সমন্বিত প্রয়োগ মার্কিন সামরিক শক্তির কৌশলগত প্রয়োগকে তুলে ধরে। তবে এই হামলার দীর্ঘমেয়াদি পরিণতি এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এর প্রভাব এখনো পর্যবেক্ষণের বিষয়।

