ইসরায়েলের আকাশসীমার দিকে ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই ঘটনার পর অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ।
শনিবার স্থানীয় সময় রাতের দিকে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য হুমকি শনাক্ত করেছে এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা ইতিমধ্যে সক্রিয় করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, “বর্তমান পরিস্থিতি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
জনগণের নিরাপত্তার স্বার্থে আইডিএফ সবাইকে ঘরে থাকার এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাইরে বের না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে এই ক্ষেপণাস্ত্র হামলা নতুন করে অস্থিরতা বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না—সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি আইডিএফ।
পরিস্থিতির উপর দৃষ্টি রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়ও। এমন এক সময়ে এই হামলা হলো যখন ইসরায়েল ও ইরান উভয় দেশই একে অপরের বিরুদ্ধে বারবার শক্তি প্রদর্শনের হুঁশিয়ারি দিয়ে আসছিল।

