ইরান ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটি ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলার সময় জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেল আবিব ও হাইফা শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (২২ জুন) দ্য টাইমস অফ ইসরায়েলের ভিডিও ফুটেজ অনুসারে এমনটাই দেখা যায়।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ইরান থেকে দুই দফায় মোট ২৭টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। প্রথম দফায় ২২টি এবং দ্বিতীয় দফায় ৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার লক্ষ্যবস্তু ছিল বিস্তৃত, যার মধ্যে সিরিয়ার দখলীকৃত গোলান হাইটস, আপার গ্যালিলি এবং উত্তর ও মধ্য উপকূলীয় এলাকা অন্তর্ভুক্ত।
এ পর্যন্ত ১০টি ভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত বা বড় আকারের শার্পনেলের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। তেল আবিব ও হাইফায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। তবে কোন ধরনের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
ইসরায়েলের মেডিকেল সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, এ হামলায় ১৬ জন পর্যন্ত আহত হয়েছেন। চিকিৎসা দলগুলো ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে, যাতে কেউ চিকিৎসার অভাবে পড়ে না থাকে।
ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সতর্কবার্তার পরপরই জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিবিসির মধ্যপ্রাচ্য সংবাদদাতা হুগো বাছেগা জেরুজালেম থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

