মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে দূরে রাখার পক্ষে কথা বলে এসেছেন। কিন্তু ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চালানো আক্রমণে যোগ দিয়ে তিনি একটি নাটকীয় ভূ-রাজনৈতিক ইউ-টার্ন নিয়েছেন।
স্থানীয় সময় শনিবার (২১ জুন) সন্ধ্যায় ট্রাম্প ৩ টি ইরানি পারমাণবিক স্থাপনা- ফোরদো, নাতানজ এবং ইসফাহান– লক্ষ্য করে মার্কিন বিমান হামলা চালান। এই হামলায় ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো “সম্পূর্ণ এবং পুরোপুরি ধ্বংস” হয়েছে বলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দাবি করেন ট্রাম্প। তবে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার উপ-রাজনৈতিক প্রধান হাসান আবেদিনি বলেছেন, এই ৩ টি স্থাপনা আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। সূত্র: ব্লুমবার্গ
ট্রাম্পের এই সিদ্ধান্ত বৈশ্বিক তেল বাজারে উত্তেজনা সৃষ্টি করেছে। ইসরায়েলের হামলার পর থেকে ব্রেন্ট ফিউচার্স ১১ শতাংশ বেড়েছে। বিশ্বের এক-তৃতীয়াংশ তেল উৎপাদনের জন্য দায়ী এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তেলের দাম আরো বাড়তে পারে। ব্লুমবার্গ ইকোনমিকসের বিশ্লেষণ অনুযায়ী, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৩০ ডলার ছাড়িয়ে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতির উপর চাপ সৃষ্টি করবে এবং ভোক্তা মূল্য বাড়াবে।
ট্রাম্প এই হামলার আগে কয়েকদিন ধরে তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আলোচনা করেছেন। তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পাশাপাশি যুদ্ধবিরতির সম্ভাবনার কথাও উল্লেখ করেছিলেন, যা তার সিদ্ধান্তের বিষয়ে মিশ্র বার্তা দিয়েছে। তার এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এবং ইরান-ইসরায়েল সংঘাতকে আরো তীব্র করেছে।
ট্রাম্পের মধ্যপ্রাচ্যের যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত তার পূর্ববর্তী “চিরস্থায়ী যুদ্ধ” বন্ধের প্রতিশ্রুতির বিপরীত। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা এই অঞ্চলের ভূ-রাজনীতি ও বৈশ্বিক তেল বাজারে বড় প্রভাব ফেলেছে। ইরানের দাবি এই হামলার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেও- এই ঘটনা মধ্যপ্রাচ্যের সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে।
