১৯৮০ সালের ২৪ এপ্রিল তেহরানে মার্কিন দূতাবাসে আটক ব্যক্তিদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ব্যর্থ হয়েছিল। ৪৫ বছর পর (২০২৫ সালের জুনে) ইরানে আবারো মার্কিন সামরিক অভিযান দেখলো বিশ্ব। এবার উদ্দেশ্য ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা।
ইসরায়েলের ইরানের বিরুদ্ধে হামলার পর- যখন জানা গেল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন, ঠিক তখনই চলমান ইসরায়েল-ইরান যুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্র। রোববার (২২ জুন) ভোরে যুক্তরাষ্ট্র শক্তিশালী বাঙ্কার-বাস্টার বোমা দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আকস্মিক হামলা চালায়। এই হামলা মধ্যপ্রাচ্যে একটি ‘নতুন বাস্তবতা’ তৈরি করেছে।
বিশেষজ্ঞদের মতে, ১৩ জুন থেকে ইসরায়েলের কয়েক ডজন পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার পর ইরান দুর্বল হয়েছে। তবে ইরান এখনো পাল্টা জবাব দেওয়ার যথেষ্ট সক্ষমতা রাখে। ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে জড়ানোর বিরুদ্ধে সতর্ক করে বলেছিলেন, এতে ‘অপূরণীয় ক্ষতি’ এবং ‘সর্বাত্মক যুদ্ধের’ ঝুঁকি তৈরি হবে।
সংবাদমাধ্যম বিবিসির নিরাপত্তা প্রতিবেদক ফ্রাঙ্ক গার্ডনার বলেন, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান তিনটি কৌশলগত পদক্ষেপের একটি বেছে নিতে পারে:
- কিছুই না করা: এতে ইরান আরো হামলা এড়াতে পারে এবং আলোচনার পথ খোলা থাকতে পারে। তবে এটি তাদের দুর্বল প্রতিপন্ন করতে পারে।
- দ্রুত ও কঠোর পাল্টা জবাব: ইরানের কাছে এখনো উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি ঘাঁটি তাদের লক্ষ্যবস্তু। তারা ড্রোন ও টর্পেডো বোট দিয়ে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালাতে পারে।
- পরে জবাব দেওয়া: ইরান উত্তেজনা কমার অপেক্ষা করে, যখন মার্কিন ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা থাকবে না, তখন আকস্মিক হামলা চালাতে পারে।
ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে বাহরাইনের মিনা সালমানে মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিট সদরদপ্তর অন্যতম। এছাড়া বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটিগুলো ঝুঁকির মুখে। ইরান হরমুজ প্রণালী লক্ষ্য করতে পারে, যা বিশ্বের ৩০ শতাংশ তেল সরবরাহের পথ। এই প্রণালী বন্ধ হলে বিশ্ববাজার অস্থিতিশীল হতে পারে।
ইরান মার্কিন মিত্র দেশগুলোর স্থাপনাতেও হামলা চালাতে পারে, যা যুদ্ধকে পুরো অঞ্চলে ছড়িয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টার মধ্যে ইরান ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হাইফা, তেল আবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের পাল্টা জবাবের কৌশল- কিছু না করা, দ্রুত হামলা বা পরে আক্রমণ- মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো জটিল করবে। মার্কিন ঘাঁটি, হরমুজ প্রণালী এবং মিত্র দেশগুলো ইরানের লক্ষ্যবস্তু। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ইঙ্গিত দেয়, এই যুদ্ধ এখানেই থামছে না।

