ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো সফরে যাচ্ছেন। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার (২০ জুন) ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামীকাল সোমবার তিনি রাশিয়ায় ‘জরুরী আলোচনা’ করতে যাচ্ছেন, যার মধ্যে পুতিনের সঙ্গে বৈঠকও রয়েছে।
এই সফরের পটভূমিতে রোববার ভোরে যুক্তরাষ্ট্রের বি-২ স্পিরিট বিমান থেকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ভারী বাঙ্কার-বাস্টার বোমা দিয়ে হামলা চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই হামলায় স্থাপনাগুলো সফলভাবে ধ্বংস করা হয়েছে।
রুশ প্রেসিডেন্ট পুতিন এর আগে বলেছিলেন, ইরানের পারমাণবিক বোমা তৈরির কোনো ইচ্ছা নেই বলে ইসরায়েলকে বারবার জানানো হয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলাকে আন্তর্জাতিক আইনের ‘গুরুতর ও নজিরবিহীন লঙ্ঘন’ আখ্যা দিয়ে বলেছে, ইরানের এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের পূর্ণ অধিকার রয়েছে।
তাসনিম বার্তা সংস্থার বরাতে বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রক্রিয়ার মাঝপথে বিশ্বাসঘাতকতা করেছে এবং ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে ইরানের বিরুদ্ধে বিপজ্জনক যুদ্ধ চালাচ্ছে।’ এতে আরো বলা হয়, ‘যুক্তরাষ্ট্র কোনো নিয়ম বা নৈতিকতা মানে না এবং গণহত্যাকারী ও দখলদার এক শাসন ব্যবস্থার লক্ষ্য পূরণের জন্য কোনো আইন বা অপরাধের তোয়াক্কা করে না।’
মার্কিন-ইসরায়েলি হামলার প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচির রাশিয়া সফর এবং পুতিনের সঙ্গে আলোচনা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। ইরানের এই পদক্ষেপ যুদ্ধের প্রতিক্রিয়া এবং কূটনৈতিক কৌশলের ইঙ্গিত দেয়।

