ইরান একের পর এক হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিশানা হচ্ছে সেনাঘাঁটি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি রুশ-তৈরি এস-৩০০ ক্ষেপণাস্ত্র। অথচ তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র রাশিয়া এখন নিস্পৃহ দর্শক।
প্রশ্ন উঠছে—রাশিয়া কি কেবল সুবিধা নেয়, বিপদের সময় মিত্রকে একা ফেলে দেয়?
গত কয়েক বছরে পশ্চিমবিরোধী কৌশলের অংশ হিসেবে রাশিয়া ইরানকে আপন করে নেয়। ইউক্রেন যুদ্ধে পুতিনের পাশে দাঁড়িয়েছিল তেহরান। পাঠিয়েছিল ‘শাহেদ’ ড্রোন, যা ইউক্রেন যুদ্ধক্ষেত্রে কার্যকর হয়েছিল। রাশিয়ার বড় সুবিধা হয়েছিল এতে।
কিন্তু এখন, ইসরায়েলের শক্তিশালী সামরিক অভিযানের মুখে দাঁড়িয়ে ইরান যখন পেছনে চাইছে—সেই বন্ধনটা আর দৃঢ় নেই।
রাশিয়া চায় ইরান তার পাশে থাকুক, তবে সামনে নয়। কারণ রুশ পররাষ্ট্রনীতি আবেগ নয় বরং কৌশলগত হিসাব-নিকাশে গঠিত।
তাদের হাতে থাকা উন্নত অস্ত্র, যেমন যুদ্ধবিমান, উপগ্রহ বা প্রতিরক্ষা ব্যবস্থা—এসব ইরানের হাতে দিতে চায় না রাশিয়া। কারণ এসব প্রযুক্তি ইসরায়েলের হামলায় ধ্বংস হলে তা রাশিয়ার দুর্বলতা প্রকাশ করে।
পুতিন জানেন, হারতে থাকা মিত্রের পাশে দাঁড়ানো রাজনৈতিক আত্মঘাতের শামিল।
রাশিয়া ও ইসরায়েলের সম্পর্ক পুরনো ও জটিল। মস্কো এমন কিছু করতে চায় না যাতে উপসাগরীয় তেলসমৃদ্ধ দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। কারণ রাশিয়ার বৈদেশিক আয়ের বড় অংশই তেল বিক্রির ওপর নির্ভরশীল।
ইরানের দুর্বলতায় রাশিয়ার সুবিধা?
হ্যাঁ, অদ্ভুত শোনালেও সত্য। ইরান-ইসরায়েল উত্তেজনা দীর্ঘায়িত হলে ইউক্রেন থেকে বিশ্বের মনোযোগ সরে যেতে পারে। হরমুজ প্রণালি বন্ধ হলে তেলের দাম বাড়বে। এতে রুশ অর্থনীতি কিছুটা চাঙ্গা হবে।
আর যদি যুক্তরাষ্ট্র ইরানকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে বিশ্বে মার্কিন কৌশলগত দুর্বলতা প্রকাশ পাবে। ট্রাম্প আমলের ‘ইরান চুক্তি’ও প্রশ্নের মুখে পড়বে।
সোজা কথা—ইরানের দুরবস্থায় রাশিয়া এক ধরনের ছায়া-সন্তুষ্টি পাচ্ছে।
তবে কি রাশিয়া চায় ইরান ধ্বংস হোক?
না, একেবারেই নয়। পুতিন জানেন, ইরান পুরোপুরি ভেঙে পড়লে গোটা অঞ্চলে অস্থিতিশীলতা বাড়বে। বিশেষ করে দক্ষিণ ককেশাসে—যেমন আর্মেনিয়া, আজারবাইজান ও জর্জিয়ায় রাশিয়ার স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।
আর যদি ইরান প্রতিশোধপরায়ণ হয়ে পারমাণবিক অস্ত্র তৈরির পথে যায়, তাহলে রাশিয়ার ওপর তার নিয়ন্ত্রণ কমে যাবে।
রাশিয়া চায় না ইরান পুরোপুরি ধ্বংস হোক। আবার চায় না সে এতটা শক্তিশালী হয়ে উঠুক যে মস্কোর সমতুল্য শক্তি দাবি করতে পারে।
এ এক ধরনের ‘নিয়ন্ত্রিত উত্তেজনা’ বজায় রাখার কৌশল। যাতে ইরান না হয় অতিমাত্রায় দুর্বল, আবার না হয় মারাত্মক শক্তিশালী।
কূটনীতি নামক যুদ্ধ
রাশিয়া এখন কূটনীতির খেলা খেলছে। সম্প্রতি পুতিন প্রস্তাব দিয়েছেন—ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় এনে তা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করার। উদ্দেশ্য একটাই—বিশ্ববাসীকে দেখানো, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না।
কিন্তু যুক্তরাষ্ট্র চায় না ইরান কোনো ধরনের পারমাণবিক সক্ষমতা অর্জন করুক। আর ইরান সেটা মানে আত্মসমর্পণ হিসেবে দেখছে।
এই সম্পর্ক বন্ধুত্ব নয় বরং হিসাবের
রাশিয়া ও ইরানের সম্পর্ক আজ জটিল ও ঠাণ্ডা হিসাবের। তারা একসঙ্গে হাঁটে কিন্তু আলাদা স্বার্থে।
ইরান চায় মিত্রের সহায়তা। আর রাশিয়া চায় শত্রুর দুর্বলতা কাজে লাগিয়ে নিজের অবস্থান শক্তিশালী করতে।
এ সম্পর্ক আবেগহীন। এটা কোনো বন্ধুত্ব নয় বরং কৌশলগত ভারসাম্য রক্ষার খেলা।
ইরান যদি এখনো মনে করে রাশিয়া তাকে রক্ষা করতে ছুটে আসবে, তাহলে সেটা এক ভয়াবহ ভুল হিসাব।

