ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের একটি অত্যাধুনিক হার্মেস-৯০০ ড্রোন ভূপাতিত করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলে ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার (২২ জুন) রাতে। এর কিছুক্ষণ আগে ইসরায়েল জানায়, তারা ইরানে একটি বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তেহরানের একটি গ্রাউন্ড-টু-এয়ার মিসাইল লঞ্চার ছিল তাদের মূল লক্ষ্য। হামলার পর তারা জানায়, সংশ্লিষ্ট যুদ্ধবিমানগুলো নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে।
তবে ঘটনার পরপরই ইরান জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন শনাক্ত করে আক্রমণ চালায়। ধ্বংস হওয়া ড্রোনটি ছিল ইসরায়েলের হার্মেস-৯০০, যা নজরদারি এবং হামলা—উভয় মিশনের জন্য ব্যবহৃত হয়।
ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি ইসরায়েল গোপন রেখেছে।

