ইসরায়েলের চলমান হামলার মধ্যে এবং যুক্তরাষ্ট্রের বোমা হামলার জবাব কী হবে, তা নিয়ে সরকারের গভীর চিন্তার মধ্যেই ইরানের জনগণ প্রস্তুতি নিচ্ছে ইসলামী বর্ষপঞ্জির অন্যতম পবিত্র মাস মহররম পালনের জন্য।
এই বছর মহররম শুরু হচ্ছে ২৬ বা ২৭ জুনের দিকে। এটি ইসলামী নতুন বছরের প্রথম মাস এবং শিয়া মুসলমানদের জন্য এক গভীর শোক ও স্মৃতিচারণার সময়। সপ্তম শতাব্দীতে বর্তমান ইরাকের কারবালায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) শহীদ হয়েছিলেন—এই মহররম মাস সেই ঘটনাকেই স্মরণ করায়।
এই মাসজুড়ে হাজার হাজার ইরানি তীর্থযাত্রী প্রতিবছর ইরাকের কারবালায় যান অথবা দেশের বিভিন্ন শিয়া মসজিদে আয়োজন করেন শোকানুষ্ঠান, দোয়া মাহফিল এবং নানা ধর্মীয় আয়োজন।
ইমাম হুসাইন (রা.)-এর শহীদ হওয়া শুধু শোকের ঘটনা নয়, এটি শিয়া সম্প্রদায়ের কাছে ন্যায়বিচার, আত্মত্যাগ ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক হিসেবে দেখা হয়। তাই এই সময়টি তাদের আত্মিক ও রাজনৈতিক চেতনার এক গুরুত্বপূর্ণ সময়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ফারস নিউজ’ কিছু ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে—কারবালার পবিত্র ইমাম হুসাইন (রা.)-এর মাজারে উৎসবের প্রস্তুতি চলছে। এই শোক ও স্মরণানুষ্ঠান চলবে প্রায় ২৫ জুলাই পর্যন্ত।
তবে শুধু ইরান নয়—মধ্যপ্রাচ্য ও এশিয়ার অন্যান্য দেশেও, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক শিয়া মুসলমান বাস করেন, সেখানেও মহররম অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হয়।
কিন্তু এবারকার মহররম আলাদা এক বাস্তবতায় ঘিরে ধরেছে ইরানিদের। চারদিকে যুদ্ধের উত্তাপ, বৈশ্বিক অনিশ্চয়তা এবং রাজনৈতিক সংকটের মধ্যে দাঁড়িয়ে এই পবিত্র মাসকে তারা দেখছেন শুধু ধর্মীয় অনুভূতির আলোয় নয়, আত্মত্যাগ ও প্রতিরোধের বাস্তব রূপ হিসেবেও।

