যুক্তরাষ্ট্র ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে একটি গোপন সামরিক অভিযানে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। সিএনএন জানিয়েছে, এই অভিযানে অংশ নেয় ১২৫টিরও বেশি সামরিক উড়োজাহাজ।
শনিবার মধ্যরাতের পর এই হামলা চালানো হয় ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় এ অভিযানে অংশ নেয় সাতটি বি-২ বোমারু বিমান। প্রতিটি বি-২ বিমান দুটি করে ৩০ হাজার পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম।
হামলায় ব্যবহৃত হয় আরো বেশ কিছু জ্বালানি সরবরাহকারী ট্যাংকার উড়োজাহাজ, নজরদারি ড্রোন ও যুদ্ধবিমান।
অভিযান শেষে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সফলতার সঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে। তাঁর দাবি, ফোর্দো পুরোপুরি ধ্বংস হয়েছে। পাশাপাশি, তেহরানকে হুঁশিয়ার করে ট্রাম্প বলেন— ইরান শান্তি প্রতিষ্ঠার পথে না এলে ভবিষ্যতে আরও হামলা হবে।
এদিকে ইরান যুক্তরাষ্ট্রের এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে দেশটি বলছে, এ হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তেহরান একে ‘ক্ষমার অযোগ্য’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।
ইরানের দাবি, হামলায় ফোর্দো স্থাপনায় ‘গুরুতর কোনো’ ক্ষয়ক্ষতি হয়নি। তাদের ভাষ্য, সম্ভাব্য হামলার আশঙ্কায় অনেক আগেই ওই স্থাপনা খালি করে ফেলা হয়েছিল।

