রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো।
একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ক্লিমেনকো বলেন,
“আবাসিক এলাকা, হাসপাতাল ও ক্রীড়া অবকাঠামোতে আঘাত হেনেছে।”
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান,
“রাজধানীর একটি বহুতল ভবনে ছয়জন নিহত হয়েছেন এবং শহরে আরও ১৯ জন আহত হয়েছেন।”
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের শহরগুলোতে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্স-এ জানিয়েছেন,
“তিনি সোমবার লন্ডনে গিয়ে এই সংঘাত নিয়ে আলোচনা করবেন।”
ইউক্রেনের বিমান বাহিনী জানায়, সর্বশেষ এই হামলায় রাশিয়া ৩৫২টি ড্রোন ও ১৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার বেশিরভাগই কিয়েভ অঞ্চলে লক্ষ্য করে ছোঁড়া হয়।
রাজধানীজুড়ে বহু জায়গায় আগুন লাগার খবর পাওয়া গেছে।
ইউক্রেনের জরুরি সেবাবাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায়, ধ্বংসপ্রাপ্ত একটি বহুতল ভবনের হতভম্ব বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে, তখনও ভবনটিতে আগুন জ্বলছিল।
স্থানীয় কর্মকর্তারা জানান, একটি পাতাল রেলস্টেশনের প্রবেশপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বাসিন্দা রাত কাটিয়েছেন এসব স্টেশনে আশ্রয় নিয়ে।
এই হামলা এমন এক সময় ঘটলো যখন রাজধানী কিয়েভ এখনো সাম্প্রতিক এক রাতভর রাশিয়ার হামলার ধাক্কা সামলাতে ব্যস্ত, যেখানে অন্তত ২৮ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছিল।
এই হামলাকে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর কিয়েভে চালানো অন্যতম বড় হামলা হিসেবে উল্লেখ করা হচ্ছে।

