ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা নিয়ে তুরস্ক সরাসরি কোনো নিন্দা জানায়নি। অথচ ইসলামি প্রজাতন্ত্র ইরানের ঘনিষ্ঠ মিত্রসহ একাধিক আঞ্চলিক দেশ এ হামলার সমালোচনা করেছে। তাদের মতে, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াবে। কেউ কেউ এটিকে ‘ঝুঁকিপূর্ণ জুয়া’ বলেও অভিহিত করেছে।
শনিবার গভীর রাতে এক টেলিভিশন ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে ওয়াশিংটন তিনটি স্থাপনায় হামলা চালিয়েছে। ট্রাম্প বলেন, “হামলাটি ছিল এক সফল সামরিক অভিযান। ইরানের প্রধান পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করা হয়েছে।” একইসঙ্গে তিনি তেহরানকে শান্তির পথে আসার আহ্বান জানান এবং হুঁশিয়ার করেন, না হলে আরও বড় হামলার মুখে পড়তে হবে।
এর কয়েক ঘণ্টা পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক করে জানায়, এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করতে পারে। বিবৃতিতে বলা হয়, “ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাব্য পরিণতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। চলমান পরিস্থিতি বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে।”
তবে এই প্রতিক্রিয়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আগের অবস্থানের সঙ্গে পুরোপুরি মিল খায় না। কারণ এর আগে তিনি ইরানে ইসরায়েলের হামলাকে “নিষ্ঠুরতা” হিসেবে আখ্যায়িত করেছিলেন।
তুরস্ক বহুদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করে আসছে। তবে তারা সব সময় কূটনৈতিক সমাধানের পক্ষে। উল্লেখযোগ্যভাবে, ২০১০ সালে তুরস্ক ও ব্রাজিল ইরানের সঙ্গে পারমাণবিক জ্বালানি বিনিময়ের একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিল।
‘বিপজ্জনক জুয়া’ বলে অভিহিত করলেন তুর্কি বিশ্লেষক
তুরস্কের প্রেসিডেন্টের পররাষ্ট্র উপদেষ্টা ও গবেষণা সংস্থা সেতা–র বিশ্লেষক মুরাত ইয়েসিলতাশ বলেন, “ইরানের কথিত প্রতিরোধক্ষমতা অর্জনের প্রচেষ্টা তুরস্কের দৃষ্টিতে বিপজ্জনক এক জুয়া। এটি মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা উসকে দিতে পারে।”
তিনি আরও লেখেন, “ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তুরস্কের অবস্থান মানে এই নয় যে তুরস্ক ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করে।”
যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে মধ্যস্থতার চেষ্টা
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম আক্সিওস জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সম্প্রতি ট্রাম্পকে ইস্তাম্বুলে একটি ইরানি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসতে রাজি করিয়েছিলেন। ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির। ট্রাম্পও আলোচনায় অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন।
তবে শেষ পর্যন্ত বৈঠকটি হয়নি। তুরস্ক জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে যোগাযোগ সম্ভব না হওয়ায় সিদ্ধান্ত স্থগিত রাখা হয়।
এরদোয়ান এখনো আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর পক্ষে অবস্থান করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, “ইরানের পারমাণবিক ইস্যুতে একমাত্র সমাধান আলোচনা। তুরস্ক গঠনমূলক ভূমিকা পালনে প্রস্তুত।”
ইসরায়েলি হামলার বিরুদ্ধে সরব তুরস্ক
ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে তুরস্ক ‘উসকানিমূলক’ আখ্যা দিয়েছে। তারা বলেছে, এই হামলার পেছনে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। কারণ আন্তর্জাতিক পরমাণু সংস্থা ও মার্কিন গোয়েন্দা সংস্থাও ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্রিয় বলতে নারাজ।
নূর নিউজের বরাতে জানা গেছে, ইসরায়েলের ওই হামলায় অন্তত ৪৩০ জন নিহত ও প্রায় সাড়ে তিন হাজার আহত হয়েছেন। অপরদিকে, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ২৫ জন নিহত ও কয়েক শ আহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
এই উত্তপ্ত পরিস্থিতিতে এরদোয়ান একাধিক নেতার সঙ্গে টেলিফোনে আলোচনা করেন, যার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ডোনাল্ড ট্রাম্পও ছিলেন। আলোচনায় তিনি ইস্তাম্বুলকে সম্ভাব্য আলোচনার ভেন্যু হিসেবে প্রস্তাব দেন এবং নিজেকে একজন মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেন।
এরদোয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কৌশলী অবস্থানে থাকতে চান। এই সম্পর্কের জোরেই তিনি সিরিয়ার প্রেসিডেন্টের প্রশাসনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে ট্রাম্পকে রাজি করিয়েছিলেন।
তুরস্ক ন্যাটোর সদস্য হওয়ায় একদিকে পশ্চিমা জোটের অংশ, আবার অন্যদিকে আঞ্চলিক রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে চায়। ইয়েসিলতাশের মতে, “ইসরায়েল–ইরান সংঘাতে তুরস্কের অবস্থান শুধু স্বল্পমেয়াদি রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং কৌশলগত হিসাব।”

