যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, “ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা হয়েছে।” কিন্তু তার বক্তব্যের ঠিক একদিন পর মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানান, তারা জানেন না—ইরানের উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুত এখন কোথায় আছে।
রোববার (স্থানীয় সময়) এবিসি-তে দেওয়া এক সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, “আমরা ইউরেনিয়াম সংক্রান্ত সমস্যার সমাধানে চেষ্টা চালিয়ে যাব। আগামী সপ্তাহগুলোতে এ নিয়ে ইরানের সঙ্গে যোগাযোগের উদ্যোগ থাকবে।” তার মতে, ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির যন্ত্রপাতি হারিয়েছে, ফলে তাৎক্ষণিক হুমকি কমেছে।
কিন্তু বাস্তবতা হলো, ইরান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখায়নি। বরং তেহরানের অভিযোগ—পূর্বের কূটনৈতিক আলোচনা ছিল কেবল একটি ছদ্মবেশ। মূলত যুক্তরাষ্ট্র সেই সময়েই হামলার পরিকল্পনা নিচ্ছিল। এখন সেই ইউরেনিয়াম মজুতকেই তেহরান একটি কূটনৈতিক চাপ সৃষ্টিকারী অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
পেন্টাগনে এক ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও সেনাপ্রধান ড্যান কেইন বলেন, বিমান হামলায় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ‘গুরুতর ক্ষয়ক্ষতি’ হয়েছে। তবে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ‘সম্পূর্ণ ধ্বংস’ হওয়ার দাবি করেননি।
উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে পাহাড়ি ভূগর্ভস্থ স্থানে মার্কিন ‘ম্যাসিভ ওরডান্যান্স পেনেট্রেটরস’ বোমাগুলো ব্যাপক ক্ষতি করেছে। তবে এটি পুরোপুরি ধ্বংস হয়নি।
ইসরায়েলের দুইজন সামরিক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ইরান আগেই ফোর্দো কেন্দ্র থেকে প্রায় ৪০০ কেজি (প্রায় ৮৮০ পাউন্ড) ইউরেনিয়াম ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সরিয়ে ফেলে। ইউরেনিয়ামটির সমৃদ্ধতার মাত্রা ছিল ৬০ শতাংশ, যা প্রায়-বোমা-গ্রেড বলে ধরা হয়।
বিশ্লেষকরা মনে করছেন, ইরান এই হামলার জন্য পূর্ব থেকেই প্রস্তুত ছিল। ফলে অবকাঠামোর যে ক্ষতি হয়েছে, তা দ্রুতই পুনর্গঠন সম্ভব। একইসঙ্গে তারা এটাও বলছেন—এখন আর ইরানের ওপর এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) বাধ্যবাধকতা নেই।
ফলে এই হামলা এবং ইরানের প্রতিক্রিয়া একসঙ্গে বিশ্বকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত, চুক্তিহীন ও বিপজ্জনক পারমাণবিক ভবিষ্যতের দিকে।

